প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, কারাগারে স্বামী; শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে হত্যার অভিযোগ বাবার**
বরিশাল নগরীর কালুশাহ সড়ক এলাকায় সাবিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে নিহতের পরিবারের পক্ষ থেকে পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ তোলা হয়েছে। তবে সাবিনার মৃত্যু হত্যা, নাকি আত্মহত্যা—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গত বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাবিনা আক্তার ঝালকাঠির নলছিটি উপজেলার হাড়িখালি গ্রামের জাকির হোসেন তালুকদারের মেয়ে। প্রায় দেড় বছর আগে বরিশাল নগরীর কালুশাহ সড়ক এলাকার লাল মিয়া খলিফার ছেলে হীরা খলিফার (৩২) সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে হুমায়রা নামে চার মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
নিহতের স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই সাবিনার দাম্পত্য জীবনে অশান্তি চলছিল। চার লাখ টাকা যৌতুকের দাবিতে স্বামী হীরা খলিফাসহ শ্বশুরবাড়ির সদস্যরা তাঁকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। একপর্যায়ে নির্যাতন সইতে না পেরে সাবিনা বাবার বাড়িতে চলে যান। পরে এ বিষয়ে নলছিটি উপজেলার ব্র্যাক কার্যালয়ে অভিযোগ করেন তিনি।
পরিবারের ভাষ্য অনুযায়ী, ঘটনার প্রায় ১৫ দিন আগে ব্র্যাকের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। এরপর সাবিনাকে আবারও বরিশালে স্বামীর বাড়িতে ফিরিয়ে আনা হয়। তবে সমঝোতার পরও তাঁর ওপর নির্যাতন বন্ধ হয়নি বলে অভিযোগ স্বজনদের।
এদিকে, ঘটনার সাত দিন আগে একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান সাবিনার স্বামী হীরা খলিফা। নিহতের পরিবারের দাবি, হীরা নিয়মিত মাদকাসক্ত এবং মাদক ব্যবসার সঙ্গেও জড়িত।
নিহতের বাবা জাকির হোসেন তালুকদার অভিযোগ করে বলেন, ‘আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। বিয়ের পর থেকেই আমার মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। দীর্ঘদিন ধরে চার লাখ টাকা যৌতুক দাবি করা হচ্ছিল।’
তিনি আরও অভিযোগ করেন, ‘কারাগারে থাকা জামাতা হীরা খলিফার পরামর্শে আমার মেয়ের তিন ভাসুর, দেবর, শাশুড়ি ও দুই জা মিলে তাকে হত্যা করেছেন। আমি আইনের আশ্রয় নেব এবং এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।’
একই ধরনের অভিযোগ করেছেন নিহতের চাচাতো ভাই সোহাগও। তবে পরিবারের এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, সাবিনার মৃত্যুর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশিত না হওয়ায় তাঁর মৃত্যুর প্রকৃত কারণও নিশ্চিত হওয়া যায়নি।
ময়নাতদন্ত শেষে সাবিনা আক্তারের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
চার মাসের শিশুকন্যাকে রেখে সাবিনার এমন মৃত্যু ঘিরে এলাকায় শোক ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্বজনরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন