প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নৃবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মাঈন উদ্দিন দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি রোববার (১৫ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি বিভাগের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম প্রণয়ন এবং শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
অধ্যাপক মাঈন উদ্দিনের শিক্ষাজীবন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের মদনপুর গ্রামে শুরু হয়। তিনি স্থানীয় বক্সগঞ্জ উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষার অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এমফিল এবং এস্তোনিয়ার তালিন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
কর্মজীবনের প্রাথমিক পর্যায়ে তিনি ইউনিসেফ, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশসহ (আইসিডিডিআরবি) বিভিন্ন দেশি-বিদেশি গবেষণা প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন। তিনি ২৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। তবে ওই বিসিএস বাতিল হওয়ায় চাকরিতে যোগ দেওয়া সম্ভব হয়নি। পরে পুনরায় অনুষ্ঠিত বিসিএসে ইকনমিক ক্যাডারে নির্বাচিত হয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশনে সহকারী প্রধান হিসেবে যোগ দেন। সেখানে তিনি প্রায় দেড় বছর দায়িত্ব পালন করেন।
একপর্যায়ে সরকারি চাকরি ছেড়ে উচ্চশিক্ষা, গবেষণা ও শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণের সিদ্ধান্ত নেন তিনি। ২০১০ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর থেকে তিনি বিভাগটির শিক্ষা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক মাঈন উদ্দিন বিভাগের একাডেমিক পরিবেশ, গবেষণা কার্যক্রম ও শিক্ষার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে চান। তার পরিকল্পনায় রয়েছে নিয়মিত সেমিনার, সিম্পোজিয়াম, গবেষণা কর্মশালা ও একাডেমিক আলোচনার আয়োজন। পাশাপাশি আন্তর্জাতিক উচ্চশিক্ষার মানদণ্ড বিবেচনায় বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর নৃবিজ্ঞান বিভাগের পাঠ্যক্রম পর্যালোচনা করে সময়োপযোগী ও আধুনিক কারিকুলাম প্রণয়নের উদ্যোগ নিতে চান তিনি।
শুধু পাঠ্যক্রম ও শ্রেণিকক্ষের শিক্ষায় সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা বিকাশেও কাজ করতে চান নতুন চেয়ারম্যান। তার লক্ষ্য, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বের দক্ষতা, সামাজিক দায়িত্ববোধ ও পেশাগত সক্ষমতা বাড়ানো। এ ছাড়া বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত সহযোগিতা বৃদ্ধির জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
অধ্যাপক ড. মাঈন উদ্দিন বলেন, "বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মনীতি, নীতিমালা ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্য থেকেই একটি বিভাগকে শিক্ষা ও গবেষণায় এগিয়ে নিতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থীসহ বিভাগের সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা ও অংশগ্রহণকে আমি বিশেষ গুরুত্ব দিতে চাই।"
নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে প্রত্যাশা শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন