প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর করার জন্য কৃষিকাজে গতি ফিরিয়ে আনতে খাল পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এই কার্যক্রমে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যার ফলে চারটি গ্রামের কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টা থেকে সমাজসেবক ইব্রাহীম হাওলাদারের উদ্যোগে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এতে এলাকার স্বেচ্ছাসেবক, কৃষক ও সাধারণ মানুষ একযোগে অংশ নেন। খালের বিভিন্ন স্থানে জমে থাকা আগাছা, পলি ও আবর্জনা অপসারণের মাধ্যমে পানি চলাচলের পথ উন্মুক্ত করা হয়।
স্থানীয়রা জানান, খালটি দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকায় অতিবৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হচ্ছিল না। এর ফলে ৪ নম্বর ওয়ার্ডের কলতা ও ঝিলনা এবং ৫ নম্বর ওয়ার্ডের হোগলা ও কুম্ভখালী গ্রামের বিস্তীর্ণ কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। এতে বীজতলা নষ্ট হওয়ার পাশাপাশি মৌসুমি আবাদও মারাত্মকভাবে ব্যাহত হয়।
কৃষক সবুজ মল্লিক বলেন, “জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে জমিতে বীজতলা তৈরি করতে পারছিলাম না। বিষয়টি ইব্রাহীম হাওলাদারকে জানালে তিনি দ্রুত খাল পরিষ্কারের ব্যবস্থা নেন। এখন পানি নামতে শুরু করায় আমরা নতুন করে চাষাবাদের আশা দেখছি।”
উদ্যোক্তা সমাজসেবক ইব্রাহীম হাওলাদার বলেন, “কৃষকদের দুর্ভোগ কমানো এবং স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। খালটি সচল থাকলে জলাবদ্ধতা কমবে, কৃষিজমি দ্রুত চাষের উপযোগী হবে এবং উৎপাদনও বাড়বে।”
এলাকাবাসীর প্রত্যাশা, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকলে জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে কমবে এবং কৃষকরা আরও নির্বিঘ্নে কৃষিকাজ পরিচালনা করতে পারবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন