প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের সালনার বাঁশবাড়ী এলাকায় সাদপন্থীদের জেলা ইজতেমা আয়োজন বন্ধের দাবি জানিয়ে গাজীপুরের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও তাবলীগের সাথীরা আগামী ১২ ঘণ্টার মধ্যে ওই ইজতেমা বন্ধ না হলে শুক্রবার (২০ নভেম্বর) বাদ ফজর সালনার বাঁশবাড়ী অভিমুখে লংমার্চ করার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে মাওলানা হাবিবুর রহমান মিয়াজী লিখিত বক্তব্য পাঠ করেন। সাদপন্থীদের ইজতেমা আয়োজনের বিরোধিতার কারণ জানতে চাইলে তিনি মাওলানা সাদকে ‘ইয়াহুদীদের এজেন্ট’ আখ্যা দিয়ে বিভিন্ন অভিযোগ করেন। এ সময় মাওলানা লেহাজ উদ্দিন, মাওলানা ফজলুর রহমান, ডা. ফয়সালসহ অন্যান্য বক্তারা বক্তব্য দেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সংবাদ সম্মেলনে অর্ধশতাধিক আলেম উপস্থিত ছিলেন।
মাওলানা হাবিবুর রহমান মিয়াজী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘কাদিয়ানী আর সাদিয়ানী একই সূত্রে গাঁথা।’ তিনি অভিযোগ করেন, মাওলানা সাদের সঙ্গে তেল আবিবের নিয়মিত যোগাযোগ রয়েছে এবং তিনি ইয়াহুদীদের এজেন্ট। তার দাবি, মাওলানা সাদ প্রায়ই ইসরায়েলে যান এবং অসুস্থ হলে সেখানে চিকিৎসা নিতে যান। তিনি মাওলানা সাদের সম্পদ ও জীবনযাপন নিয়েও প্রশ্ন তুলে বলেন, একজন আলেমের এত শান-শওকত কোথা থেকে আসে? ভারতে ১৬ বিঘা জমির ওপর তাঁর বিশাল বাড়ি রয়েছে। দেওবন্দসহ সর্বমহলে তিনি গোমরাহ ও পথভ্রষ্ট হিসেবে স্বীকৃত বলেও দাবি করেন মাওলানা হাবিবুর রহমান মিয়াজী।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, দাওয়াত ও তাবলীগ বিশ্বব্যাপী ইসলাম প্রচারের একটি মাধ্যম। তবে মাওলানা সাদের নেতৃত্বাধীন একটি গ্রুপ তাবলীগের মূলধারা থেকে বিচ্যুত হয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে তাদের অভিযোগ। বক্তারা ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গীর ইজতেমা ময়দানে সাধারণ তাবলীগের সাথী, মাদ্রাসাছাত্র ও ওলামায়ে কেরামের ওপর হামলার অভিযোগ তুলে বলেন, এসব ঘটনায় চারজন সাথী নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। অনেকেই স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন। এসব ঘটনায় একাধিক মামলা হলেও এখনো চার্জশিট দাখিল এবং অভিযুক্তদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হয়নি বলে অভিযোগ করেন তারা।
বক্তারা জানান, গত ১৬ অক্টোবর টঙ্গীর ইজতেমা ময়দানে শীর্ষ মুরুব্বি ও ওলামায়ে কেরাম এবং হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর আহ্বানে পাঁচ থেকে ছয় হাজার আলেমের অংশগ্রহণে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্ব ইজতেমার আগে সাদপন্থীদের কোনো ধরনের জমায়েতের সুযোগ না দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছিল। কিন্তু সেই আহ্বান উপেক্ষা করে গাজীপুরের সালনার বাঁশবাড়ী এলাকায় তাদের জেলা ইজতেমার অনুমতি দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৮ নভেম্বর থেকে সেখানে সাদপন্থীদের কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৮, ৯ ও ১০ জানুয়ারি এবং ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি ২০২৭ টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে সা'দ পন্থীদের জেলা ইজতেমার আয়োজন সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে করা হয়েছে বলে বক্তারা অভিযোগ করেন।
তারা অবিলম্বে সালনার বাঁশবাড়ী এলাকার ইজতেমা বন্ধে প্রশাসন ও সরকারের হস্তক্ষেপ কামনা করেন। নির্ধারিত সময়ের মধ্যে ইজতেমা বন্ধ না হলে লংমার্চের কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, এ পরিস্থিতিতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, বিশৃঙ্খলা কিংবা সংঘর্ষের সৃষ্টি হলে তার দায় ওলামায়ে কেরাম ও তাবলীগের সাথীরা নেবেন না। এর দায় প্রশাসনকে বহন করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
গাজীপুর জেলা প্রশাসক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা পুলিশ সুপার বরাবর ইতিমধ্যেই সা'দ পন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে লিখিত আবেদন জানানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয় এবং সাংবাদিকদের কাছে এসব আবেদনের কপি সরবরাহ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন