প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় গত বৃহস্পতিবার আদালতে হাজির হওয়ার নির্দেশ পাওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য করেছেন অভিনেত্রী তানজিন তিশা। এত দিন নীরব থাকলেও এবার তিনি বলেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখেই এত দিন মন্তব্য করেননি। একই সঙ্গে তিনি অভিযোগের বিষয়টিকে ইঙ্গিতপূর্ণ বলে উল্লেখ করে জানান, আইনিভাবেই পুরো বিষয়টির মোকাবেলা করবেন। গত ১২ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করে আগামী ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, অনলাইনভিত্তিক ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে সেটির প্রচারণা ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তানজিন তিশা। পরে তিনি আর যোগাযোগ করেননি বলে অভিযোগ করেন পেজটির প্রশাসক আমিনুল ইসলাম। এ অভিযোগের পর ২০২৫ সালের নভেম্বরে প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলা করা হয়। বৃহস্পতিবার অনুষ্ঠিত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংবাদ সম্মেলনে তিশা জানান, ‘আমি এই ইন্ডাস্ট্রিতে ১২-১৪ বছর কাজ করছি। ভালো-মন্দ মিলিয়ে কাজ করছি। আমার কাজের জায়গাটা কিন্তু আমি ধরে রেখেছি।’ পরে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, তাঁর বিরুদ্ধে কবে আইনি নোটিশ জারি হয়েছিল। এরপর নিজেই বলেন, ‘আমি যেদিন আমার সিনেমার শুটিং শুরু করি, তার ঠিক দ্বিতীয় দিনেই লিগ্যাল নোটিশ পাই। তার পাঁচ দিন না ছয় দিনের মাথায় আমার নামে মামলা হয়ে যায়। আমরা একটা কথা বলি না, কেউ যখন ওপরে উঠতে চায়, পেছনে কিছু মানুষ থাকে যারা ওপরে উঠতে পারবে না, পেছন থেকে টেনে ধরে। আমারও ঠিক একই অনুভূতি হয়েছে।’ অভিযোগ প্রসঙ্গে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিশা বলেন, ‘আমি ১৪ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি একটা অনলাইন শপের ২৭ হাজার টাকার শাড়ি মেরে দেওয়ার জন্য? ২৭ হাজার টাকা মেরে দেওয়ার জন্য এত কষ্ট করে নিজেকে একটা জায়গায় দাঁড় করিয়েছি? এক ইন্ডাস্ট্রিতে একটা মেয়ের বা যেকোনো পুরুষতান্ত্রিক সমাজে কাজ করা কি আপনাদের কাছে খুব সহজ মনে হয়? অনেক সহজ কিছু না।’ তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তাঁর অনেক কিছু বলার থাকলেও আপাতত আইনি প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা রেখেই নীরব রয়েছেন। পুরো বিষয়টি তিনি আইনিভাবেই মোকাবেলা করবেন। এদিকে, অভিনয়ের পাশাপাশি বড় পর্দায়ও অভিষেকের অপেক্ষায় রয়েছেন তানজিন তিশা। তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘সোলজার’ শিগগিরই মুক্তির অপেক্ষায় রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন