প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে নদীর তীর সংরক্ষণ ব্লকের নিচ থেকে রাতের অন্ধকারে মাটি কাটার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় ব্লকগুলোর স্থায়িত্ব এবং নদীভাঙন প্রতিরোধ প্রকল্পের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলায় ভেকু মেশিন ব্যবহার করে ব্লকের নিচ থেকে মাটি কেটে তা ট্রাকে সরিয়ে নেওয়া হচ্ছে। মাটি কাটার কাজে নিয়োজিত চালকেরা জানান, তাঁদের এ কাজের ঠিকাদারি দিয়েছেন নয়াচর ফকিরপাড়া গ্রামের এমদাদুল হক (ফকির)। অন্যদিকে, অহিজল হক কালুর বিরুদ্ধে ব্লকের কোল থেকে মাটি কেটে বিক্রির অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দা আজিজুর ও আলমাছ অভিযোগ করেছেন যে, তাঁরা মাটি কাটার কাজে বাধা দিলেও কাজটি বন্ধ হয়নি। তাঁরা জানান, এ ঘটনায় স্থানীয় লোকজন হুমকির শিকার হয়েছেন।
বাসিন্দাদের আশঙ্কা, ব্লকের নিচ থেকে মাটি সরিয়ে নেওয়ার ফলে ভিত্তি দুর্বল হয়ে নদীভাঙনের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। তাঁরা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযুক্ত এমদাদুল হক ফকির এ প্রতিনিধিকে বলেন, ‘এগুলো গত বছর মাটি কেটে রেখে দিয়েছিলাম। এখন সরিয়ে নিচ্ছি।’
চর রাজিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েকুল হাসান খান জানিয়েছেন, ‘বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
—এমএইচ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন