প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝিনাইদহের মহেশপুরে মাহাবুব তরফদার (৮০) নামে এক ব্যক্তির মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। দুই ছেলের নামে জমি লিখে দেওয়ার অভিযোগ তুলে, মৃত মাহবুব তরফদারের অপর এক ছেলে ও তিন মেয়ে মরদেহ দাফনে বাধা দেন। ফলে প্রায় ১৩ ঘণ্টা ধরে দাফন ছাড়া পড়ে রয়েছে ওই মরদেহ।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে মহেশপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাড়াবাড়ীয়া তরফদার পাড়ায় এই ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ দাফন করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে যশোরের চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহবুব তরফদার মারা যান। তার তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার অভিযোগ রয়েছে যে, তারা বাবাকে দিয়ে জোরপূর্বক নিজেদের নামে জমি রেজিস্ট্রি করে নিয়েছেন। ভাই-বোনদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই ঘটনার ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিরসনে স্থানীয়ভাবে দফায় দফায় মীমাংসার চেষ্টা চলছে।
শুক্রবার সকালে বাবার মৃত্যুর খবর পেয়ে মাহবুব তরফদারের মেজো ছেলে বাকপ্রতিবন্ধী রফিকুল তরফদার এবং তিন মেয়ে সেলিনা বেগম, পারভীনা আক্তার ও রিনা খাতুন বাড়িতে আসেন। তারা বাবার মরদেহ দাফনে বাধা দেন।
মাহবুব তরফদারের তিন মেয়ে অভিযোগ করে জানান, প্রাপ্য জমি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তারা তাদের বাবার মরদেহ দাফন করতে দেবেন না। তারা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।
পারিবারিক সূত্রে জানা যায়, দুই বছর ধরে রফিকুল তরফদার ও তার তিন বোনকে বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছিল না। এ ঘটনায় তারা আদালতে মামলাও দায়ের করেছিলেন।
তবে বাবার জমি জোরপূর্বক রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ অস্বীকার করেন বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার। তারা জানান, তারা কোনো জোরজবরদস্তি করেননি। বরং বাবা নিজ ইচ্ছায় দুই ছেলের নামে জমি রেজিস্ট্রি করে দিয়েছেন।
মহেশপুর থানার ওসি ইমরান আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন