প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের পটিয়া পৌরসভা এলাকায় স্থানীয় এক গ্যারেজ মালিকের পাঁচ বছরের শিশু সন্তান নিখোঁজ হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। নিখোঁজের কয়েক ঘণ্টা পর, পরিবারের ঘরের বিছানায় একটি হাতের লেখা চিঠি পাওয়া যায়, যেটিতে তিন লাখ টাকা মুক্তিপণ দাবির বিষয়টা উল্লেখ রয়েছে।
এই ঘটনার কারণে পুরো এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দার খীল এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজ শিশুর নাম মো. জায়হান (৫), যিনি স্থানীয় গ্যারেজ ব্যবসায়ী শাহজাহানের একমাত্র সন্তান।
পারিবারিক সূত্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুরে জায়হান নিয়মিত ভাবে বাড়ির সামনের রাস্তায় খেলছিল। দুপুর ১২টার পর তাকে আর দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। আশপাশে বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও কোনো সন্ধান না পাওয়ায় স্থানীয় লোকজনের সহায়তায় বাড়ির সামনে পুকুরেও তল্লাশি করা হয়। কিন্তু কোথাও শিশুটির সন্ধান পাওয়া যায়নি।
পরিবার একপর্যায়ে পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শিশুর একমাত্র সন্তান নিখোঁজ হওয়ার খবর শোনার পর বাবা-মা খুব কষ্ট পেয়েছেন। প্রতিবেশীরা তাদের সান্ত্বনা দিতে বাড়িতে ভিড় জমাতে থাকেন।
পরিবারের রিপোর্ট অনুযায়ী, বিকেল আনুমানিক ৩টার দিকে এই ভিড়ের সুযোগে অজ্ঞাত পরিচয়ের কেউ ঘরের সামনের কক্ষে একটি হাতের লেখা চিঠি রেখে যায়, যা পরে পরিবারের সদস্যরা বিছানার ওপর দেখতে পান।
চিঠিতে শিশুর বাবা শাহজাহানকে সম্বোধন করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবির বিষয়টি জানানো হয়েছে এবং পুলিশকে বিষয়টি না জানানোর হুমকি দেওয়া হয়েছে। একই সাথে পরিবারের সদস্যদের প্রতি নজর রাখা হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।
চিঠির একটি অংশে লেখা হয়েছে, 'তোর ছেলে আমাদের কাছে আছে, ছেলেকে পেতে চাইলে যেটা বলছি সেটা শুন। যদি কোনো চালাকি করার চেষ্টা করস তাহলে ছেলেকে আর খুঁজলেও পাবি না, পুলিশের কাছে না গেলে ভালো হয়। যদি যাস ছেলের লাশ পাবি। বাইরের মানুষ না জানার মতো, তোর পরিবারের ওপর নজর আছে সবসময়। আধা ঘণ্টার ভেতর ৩ লাখ টাকা আর তোর ফ্যামিলির যেকোনো একজনের মোবাইল আনলক করে একটা ব্যাগে করে তোর বাড়ির সামনের রাস্তার পাশে ভাঙা দোকানের ভেতর রেখে দিবি। রাখার পর তুই সহ তোর ফ্যামিলির সবাই বাসার ভেতর ঢুকে যাবি। ঢুকে গিয়ে দরজা-জানালা সব বন্ধ করে দিবি।'
চিরকুটে আরো লেখা আছে, 'যদি কোনো চালাকি করস তাহলে আমার কোনো ক্ষতি হবে না। তোর ছেলেকে জীবনে খুঁজে পাবি না। মোবাইলটা তোর ছেলেকে তোকে দেখানোর জন্য... আর মানুষের গায়ে হাত তোলা বন্ধ করে দিবি।'
এ ছাড়া চিঠির শেষ অংশে রহস্যজনকভাবে লেখা হয়, 'মানুষের গায়ে হাত তোলা বন্ধ করে দিবি।'
নিখোঁজ শিশুর বাবা শাহজাহান বলেছেন, 'আমার একমাত্র ছেলেকে কারা নিয়ে গেছে তা জানি না। আমি শুধু আমার সন্তানকে সুস্থ অবস্থায় ফিরে পেতে চাই। চিঠিতে যেভাবে হুমকি দেওয়া হয়েছে, তাতে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি।'
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানিয়েছেন, মুক্তিপণের চিঠিটি জব্দ করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং শিশুটিকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করতে শুরু করেছে।
তিনি আরো জানান, মুক্তিপণ দাবি এবং চিঠির ভাষা বিশ্লেষণ করে সম্ভাব্য জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রযুক্তিগত তদন্তও অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। গতকাল রাত থেকে এখনো পর্যন্ত থানা পুলিশ, গোয়েন্দা পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন