প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুরের মধুখালীতে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে এক ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় জামাল মোল্লা (৬৫) নামে একজন বৃদ্ধকে আদালত ৫ বছরের কারাদণ্ড প্রদান করেছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই আদেশ দেন। আদালতে রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত জামাল মোল্লা মধুখালী উপজেলার মাঝকান্দি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ৩ জানুয়ারি ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থী বাড়ির পাশে দর্জির বাড়িতে নতুন জামা-কাপড় আনতে যান। কিন্তু সেখানে দর্জি না থাকায় শিশুটি অপেক্ষা করে।
কিছু সময় পর প্রতিবেশী জামাল মোল্লা এসে শিশুটিকে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে তার ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণচেষ্টা করা হয়। এই সময় শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করেন। ঘটনাটি জানাজানি হওয়ায় জামাল মোল্লা সেখান থেকে পালিয়ে যায়।
পরদিন শিশুটির বাবা বাদী হয়ে মধুখালী থানায় একটি মামলা দায়ের করেন। সাক্ষী ও শুনানি শেষে বিচারক আজ সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার মামলায় প্রতিবেশী জামাল মোল্লাকে ৫ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এ সময় তাকে ১০ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। এ রায়ে আমরা সন্তুষ্ট। এই রায়ের মধ্য দিয়ে সমাজে এ ধরনের ঘটনা কমে আসবে বলে মনে করি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন