প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্মার্টফোনে কথা বলার সময় অপর প্রান্তের ব্যক্তির কণ্ঠস্বর স্পষ্টভাবে শোনা না গেলে অনেক ব্যবহারকারী প্রথমে নেটওয়ার্কের সমস্যাকে দায়ী করেন। তবে সব সময় নেটওয়ার্কের কারণে এমনটি ঘটে না। ফোনের স্পিকারে ময়লা জমা, ভুলভাবে লাগানো কভার বা স্ক্রিন গার্ড কিংবা কলের ভলিউম কম থাকার কারণে এ সমস্যা দেখা দিতে পারে। কিছু বিষয় পরীক্ষা করে ঘরে বসেই সমস্যার সমাধান করা সম্ভব।
প্রযুক্তিবিষয়ক বিভিন্ন পরামর্শের আলোকে ফোনে কলের শব্দ কম শোনা গেলে যে পাঁচটি বিষয় পরীক্ষা করা উচিত, সেগুলো নিচে উল্লেখ করা হলো।
১. ফোনের স্পিকারে ময়লা জমেছে কি না দেখুন
ফোনের উপরের দিকে থাকা ছোট স্পিকারটিকে ইয়ারপিস বলা হয়। কথা বলার সময় এই স্পিকার দিয়েই অপর প্রান্তের ব্যক্তির কণ্ঠস্বর শোনা যায়। দীর্ঘদিন ব্যবহারের ফলে এতে ধুলাবালি, ঘাম ও ত্বকের তেল জমতে পারে। এর ফলে স্পিকারের ছিদ্র আটকে গিয়ে শব্দের তীব্রতা কমে যেতে পারে।
এ সমস্যা সমাধানের জন্য নরম ও শুকনো ব্রাশ দিয়ে স্পিকারের অংশটি আলতো করে পরিষ্কার করা উচিত। তবে পিন, ছুঁচ বা পানি ব্যবহার করা থেকে বিরত থাকুন। এতে স্পিকারের সূক্ষ্ম অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।
২. কভার বা স্ক্রিন গার্ড স্পিকার ঢেকে রেখেছে কি না দেখুন
নতুন ফোন কভার বা স্ক্রিন গার্ড লাগানোর পর থেকে কলের শব্দ কমে গেলে সেটি পরীক্ষা করা অত্যন্ত জরুরি। অনেক সময় ফোনের মডেলের সঙ্গে পুরোপুরি মানানসই নয়—এমন কভার বা স্ক্রিন গার্ড ইয়ারপিসের অংশ আংশিকভাবে ঢেকে দিতে পারে। আবার ঠিকমতো না বসালেও শব্দ চলাচলে বাধা তৈরি হয়।
এ ক্ষেত্রে সাময়িকভাবে কভার বা স্ক্রিন গার্ড খুলে কাউকে ফোন করে দেখুন। শব্দ স্বাভাবিক হলে বুঝতে পারবেন, সমস্যার কারণ আনুষঙ্গিক পণ্যটির অবস্থান বা নকশা।
৩. কলের ভলিউম বাড়ানো আছে কি না পরীক্ষা করুন
ফোনের সাধারণ ভলিউম এবং কলের ভলিউম এক নয়। অনেক ব্যবহারকারী ফোনের সাধারণ শব্দ বাড়িয়ে রাখলেও কলের সময় ভলিউম কম থাকার বিষয়টি খেয়াল করেন না।
এ সমস্যা এড়াতে কারও সঙ্গে কথা বলার সময় ফোনের ভলিউম বাড়ানোর বোতাম চাপুন। স্ক্রিনে কলের ভলিউম বাড়ছে কি না, সেটিও দেখে নিন।
৪. ব্লুটুথের সঙ্গে অন্য কোনো ডিভাইস যুক্ত আছে কি না দেখুন
ফোনের সঙ্গে ব্লুটুথ হেডফোন, ইয়ারবাড বা অন্য কোনো অডিও ডিভাইস যুক্ত থাকলে কলের শব্দ সেদিকে চলে যেতে পারে। ফলে ফোনের ইয়ারপিসে শব্দ না-ও শোনা যেতে পারে।
তাহলে কলের সময় ব্লুটুথ চালু আছে কি না এবং কোনো ডিভাইস সংযুক্ত রয়েছে কি না পরীক্ষা করুন। প্রয়োজনে ব্লুটুথ বন্ধ করে আবার কল করে দেখুন। পাশাপাশি ফোনের সেটিংসে অডিও ব্যালান্সের অবস্থানও পরীক্ষা করতে পারেন।
৫. সমস্যা না মিটলে সার্ভিস সেন্টারে যান
স্পিকার পরিষ্কার করা, কভার বা স্ক্রিন গার্ড খুলে দেখা, কলের ভলিউম বাড়ানো এবং ব্লুটুথ সংযোগ পরীক্ষা করার পরও যদি শব্দ কম শোনা যায়, তাহলে ফোনের ভেতরে হার্ডওয়্যারজনিত সমস্যা থাকতে পারে। স্পিকার নষ্ট হওয়া বা সংযোগে ত্রুটির কারণে এমনটি হতে পারে।
এ অবস্থায় নিজে ফোন খুলে মেরামতের চেষ্টা না করে সংশ্লিষ্ট ব্র্যান্ডের অনুমোদিত সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন। এতে সমস্যার সঠিক কারণ শনাক্ত করা এবং প্রয়োজনীয় মেরামত করানো সহজ হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন