প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও গার্ড অব অনার প্রদান শেষের পর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী।
শনিবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ নিয়ে আসা হলে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এর আগে জাতীয়তাবাদী লেখক ফোরামের আয়োজনে কবির শেষ বিদায় অনুষ্ঠানে তার দীর্ঘদিনের বন্ধু, স্বজন ও শুভানুধ্যায়ীরা শ্রদ্ধা জানান। বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়।
কবিকে শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, কবি আবদুল হাই শিকদার, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, শাহীন রেজা, তপন বাগচী, রাজু আলীম ও আবিদ আজমসহ আরও অনেকেই।
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আল মুজাহিদী বাংলাদেশের সাহিত্যের জগতে দীর্ঘদিন উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। কবিতা, গল্প, উপন্যাস এবং অনুবাদসহ সাহিত্যের নানা শাখায় তার অবাধ বিচরণ ছিল। সংস্কৃতিমনস্ক জাতি গঠনে তার অবদান দেশবাসী দীর্ঘদিন মনে রাখবে।
আবদুল হাই শিকদার বলেন, আল মুজাহিদী আমাদের মাথার ওপর একজন অভিভাবক ছিলেন। ষাটের দশকের ছাত্রনেতা, একাত্তরের মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত কবি ও বরেণ্য সাংবাদিক আল মুজাহিদীর মৃত্যু আমাদের জন্য একটি অপূরণীয় ক্ষতি।
পরে, দুপুর ১২টায় আল মুজাহিদীর মরদেহ নিয়ে যাওয়া হয় তার দীর্ঘদিনের স্মৃতিবিজড়িত জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে। সেখানে কবির ইচ্ছা অনুযায়ী জানাজা পরিচালনা করেন মাওলানা মাসুম বিল্লাহ। পরে সেখানে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর বিকালে রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন