প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘বর্তমান সরকার কেবল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেই থেমে নেই, বরং সেগুলো সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা, তা নিয়মিতভাবে তদারকি করছে। সেজন্য দুর্নীতি করে কারোরই পার পাওয়ার সুযোগ নেই।’
শনিবার (৪ জুলাই) বিকালে নাটোরের লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠান চলাকালীন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে কৃষকদের মধ্যে উন্নত জাতের রোপা আমন ধানের বীজ, রাসায়নিক সার, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, জৈব সার, বৃক্ষরোপণ কর্মসূচির চারা এবং নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, ‘কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার কৃষকদের পাশে রয়েছে।
মাঠপর্যায়ে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নানা ধরনের প্রণোদনা কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে, যা ইতিবাচক পরিবর্তন আনছে।’
তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, সরকারের দেওয়া সহায়তাগুলো যথাযথভাবে ব্যবহার করলে উৎপাদন আরো বৃদ্ধি পাবে এবং দেশের সামগ্রিক অর্থনীতি আরো শক্তিশালী হবে। তিনি একইসাথে দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ পাপ্পু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম।
এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, সরকারের কৃষি সহায়তা কার্যক্রম কৃষকদের উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি কৃষি খাতকে আরো গতিশীল করতে সহায়তা করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন