প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ১৫ বছর মেয়াদি একটি সমন্বিত জাতীয় কৌশলগত রূপরেখা প্রণয়নের আহ্বান জানিয়েছেন, যা প্রাথমিক শিক্ষার গুণগত ও কাঠামোগত রূপান্তর নিশ্চিত করবে।
তিনি উল্লেখ করেন, প্রাথমিক শিক্ষার সংস্কার একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা, গবেষণা, তথ্য-প্রমাণ এবং বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে হতে হবে। এই লক্ষ্যে, জাতীয় পর্যায়ে ১৫ বছর মেয়াদি একটি ফ্রেমওয়ার্ক তৈরি করার পাশাপাশি তিন, পাঁচ, সাত এবং দশ বছর মেয়াদি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা প্রয়োজন, যাতে শিক্ষার্থীদের প্রকৃত শিখন-অগ্রগতি মূল্যায়ন এবং গৃহীত উদ্যোগের কার্যকারিতা পরিমাপ করা সম্ভব হয়।
আজ মঙ্গলবার গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক সেন্টার ফর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টে (বিসিডিএম) অনুষ্ঠিত ‘ন্যাশনাল ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি ফ্রেমওয়ার্ক’ শীর্ষক স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য কেবল বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা নয়, বরং প্রতিটি শিশুর প্রকৃত শিখন, আনন্দময় শিক্ষা এবং নৈতিক ও মানবিক বিকাশ নিশ্চিত করা প্রয়োজন। প্রধানমন্ত্রী ঘোষিত ‘লার্নিং উইথ হ্যাপিনেস’-এর ধারণাকে সামনে রেখে পাঠ্যক্রম, শ্রেণিকক্ষের কার্যক্রম, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও নৈতিক শিক্ষাকে সমন্বিতভাবে বিবেচনা করতে হবে। শিশুদের আনন্দের মধ্য দিয়ে শেখার পরিবেশ তৈরি করাই প্রাথমিক শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য হতে হবে।
সরকারি ও বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মান ও সুযোগের ব্যবধান কমাতে সমন্বিত মানদণ্ডের ওপর জোর দিয়ে তিনি বলেন, প্রাক্-প্রাথমিক শিক্ষা, প্রাথমিক স্তরের শ্রেণিবিন্যাস, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিখন কাঠামো এবং শিক্ষাক্রমের ধারাবাহিকতা নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও নিবিড়ভাবে কাজ করতে হবে।
শিক্ষার্থীদের শিখন ঘাটতি নিরূপণ, পুষ্টি, অবকাঠামো, শ্রেণিকক্ষের পরিবেশ, আসবাবপত্র, স্যানিটেশন ও শিখন-সহায়ক উপাদানের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী প্রযুক্তিনির্ভর তথ্য ব্যবস্থাপনা ও ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে মনিটরিং এবং জবাবদিহিতা আরও কার্যকর করার তাগিদ দেন।
তিনি জানান, প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫)-এর নতুন নাম হতে যাচ্ছে ‘সবার আগে প্রাথমিক শিক্ষা: জাতীয় রূপান্তর কর্মসূচি-১’। এই নতুন নামকরণের উদ্যোগ নেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষাকে জাতীয় উন্নয়নের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে প্রতিষ্ঠিত করতে এবং এই খাতে গুণগত ও কাঠামোগত পরিবর্তন নিশ্চিত করতেই।
কর্মশালায় বিভিন্ন গ্রুপের উপস্থাপিত সুপারিশ যথাযথভাবে সংকলন করে নীতিনির্ধারকদের কাছে উপস্থাপনের নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, বিশেষজ্ঞ, কর্মকর্তা ও উন্নয়ন সহযোগীদের সম্মিলিত অভিজ্ঞতার ভিত্তিতে প্রাথমিক শিক্ষার জন্য একটি কার্যকর ও দীর্ঘমেয়াদি জাতীয় রূপান্তর কাঠামো প্রণয়ন সম্ভব হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহমদ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন