প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুর, ১৭ জুন, ২০২৬ : বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার একটি মিশন শুরু করেছে দারুণ আত্মবিশ্বাস এবং চ্যাম্পিয়নসুলভ পারফরম্যান্সের মাধ্যমে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে তারা দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে আলজেরিয়ার বিপক্ষে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ তাদের দখলে রাখে।
দলের প্রাণভোমরা লিওনেল মেসি অসাধারণ এক হ্যাটট্রিক করে একাই ৩-০ গোলের জয় নিশ্চিত করেন। তার এই দুর্দান্ত পারফরম্যান্সের ফলে উচ্ছ্বসিত হয়ে ওঠেন বিশ্বের কোটি কোটি সমর্থকের মতো চাঁদপুরের ফুটবলপ্রেমিরাও।
আর্জেন্টিনার এই দাপুটে জয়কে কেন্দ্র করে চাঁদপুরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শহরের বিভিন্ন এলাকা থেকে সমর্থকরা দলবেঁধে খেলা দেখতে জড়ো হন। বিশেষ করে চাঁদপুর সরকারি কলেজের অডিটোরিয়ামে হাজারো সমর্থকের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। খেলা শুরুর আগ থেকেই সেখানে উৎসবের আমেজ বের হয়ে পড়ে।
বুধবার ভোর থেকেই কলেজ প্রাঙ্গণের সামনে আর্জেন্টিনা সমর্থকরা জড়ো হতে শুরু করেন। কারও গায়ে প্রিয় দলের জার্সি, কারও হাতে আর্জেন্টিনার পতাকা, আবার কেউ মুখে তাদের দলের রঙ আঁকা নিয়ে এসেছিলেন। খেলা শুরুর সঙ্গে সঙ্গেই উত্তেজনার মাত্রা বাড়তে থাকে। প্রতিটি আক্রমণ, প্রতিটি সুযোগ এবং মেসির প্রতিটি গোল যেন নতুন করে প্রাণের সঞ্চার করছিল সমর্থকদের মাঝে।
মেসির প্রথম গোলের পরই বিশেষ সুখের মুহূর্তে আনন্দে ফেটে পড়েন উপস্থিত দর্শকরা। দ্বিতীয় গোলের পর চারদিকে বাজতে শুরু করে করতালি, শিস এবং উল্লাসের ধ্বনি। আর মেসির হ্যাটট্রিক পূর্ণ হতেই গোটা অডিটোরিয়াম যেন ছোট্ট এক আর্জেন্টিনায় পরিণত হয়ে যায়। অনেক সমর্থক আনন্দে একে অপরকে জড়িয়ে ধরতে, ছবি তুলতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তগুলো শেয়ার করতে দেখা যায়।
আয়োজক মার্জুক ঐশ্বর্য বলেন, আর্জেন্টিনা শুধুই একটি দল নয়, এটি আমাদের আবেগের জায়গা। প্রথম ম্যাচে মেসির অসাধারণ তিন গোলে আমরা দারুণ খুশি। বিশ্বের অনেক দল ভালো খেলে, তবে আমাদের কাছে সেরা দল আর্জেন্টিনাই। দলের এমন শুরু আমাদের নতুন স্বপ্ন দেখাচ্ছে।
আর্জেন্টিনার আরেক সমর্থক মিতু বলেন, আমি আমার প্রিয় দলের খেলা দেখার জন্য রাত থেকেই অপেক্ষায় ছিলাম। আমি ভাবছিলাম, কখন সকাল হবে, কখন খেলা শুরু হবে। মেসির অসাধারণ পারফরম্যান্সে আমি মুগ্ধ। দলের খেলা দেখে সত্যিই অনেক ভালো লেগেছে। আমরা চাই আর্জেন্টিনা এভাবেই টুর্নামেন্টে এগিয়ে যাক। সমর্থকদের মতে, টুর্নামেন্টের শুরুতেই এই দুর্দান্ত পারফরম্যান্স নতুন করে শিরোপা ধরে রাখার আশা অনেক বেশি জোরালো করেছে। চাঁদপুরের ফুটবলপ্রেমিরা বিশ্বাস করেন, নিজেদের সেরা খেলাটা ধরে রাখতে পারলে বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে আরও বড় সাফল্য তাদের অপেক্ষা করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন