প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দরের নিকটবর্তী একটি ব্যক্তিগত গাড়ি পার্কিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে অন্তত ১৪০টি গাড়ি পুড়ে গেছে। এই গাড়িগুলোর অধিকাংশই ছিল ছুটিতে যাওয়া যাত্রীদের।
শনিবার রাত ৯টার পর, গ্যাটউইক বিমানবন্দর থেকে প্রায় আট মাইল দূরে, ক্রোলির ক্যালডাইন বিজনেস পার্ক এলাকায় আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট রাতভর কাজ করে।
অগ্নিকাণ্ডের তীব্রতায় বিদ্যুৎ সংযোগ ক্ষতিগ্রস্ত হয় এবং স্থানীয় ২ হাজার ১৩৩টি ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। বেশিরভাগ এলাকায় দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও রবিবার সকাল পর্যন্ত প্রায় ৬০টি গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন।
এ ঘটনায়, ছুটিতে যাওয়া বহু যাত্রী তাদের গাড়ির পরিণতি নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন। গ্রাহকদের অভিযোগ, ভ্যালেট পার্কিং সেবাদাতা প্রতিষ্ঠান ‘স্যাফায়ার পার্কিং’ তাদের পক্ষ থেকে যথাযথ তথ্য প্রদান করছে না এবং যোগাযোগও করা হচ্ছে না।
ভুক্তভোগী জর্জেস স্মিথ বলেন, "পার্কিং এলাকা ঘিরে রাখায় কেউ সেখানে প্রবেশ করতে পারছেন না। অধিকাংশ গাড়ি পুড়ে যাওয়ায় নিজের গাড়ির কী অবস্থা, তা শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে।"
এদিকে, ‘স্যাফায়ার পার্কিং’ এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তাঝুঁকির কারণে পুলিশ ও ফায়ার সার্ভিস কাউকে ঘটনাস্থলে প্রবেশের অনুমতি দিচ্ছে না। কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর গাড়িগুলোর ক্ষয়ক্ষতি মূল্যায়ন করে গ্রাহকদের বিস্তারিত তথ্য জানানো হবে।
গ্যাটউইক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনটি বিমানবন্দরের নিজস্ব কোনো পার্কিংয়ে লাগেনি। এটি ছিল তৃতীয় পক্ষের পরিচালিত একটি পার্কিং এলাকা। ক্ষতিগ্রস্ত বা উদ্বিগ্ন যাত্রীদের স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন