প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার জন্য সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত বিসিএস (প্রশাসন) ক্যাডারের তিন উপসচিবকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় ২৩ নভেম্বর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- উপসচিব মো. তোফায়েল হোসেন (পরিচিতি নম্বর ১৬২৯৪), উপসচিব কাজী আরিফুর রহমান (পরিচিতি নম্বর ১৬৯০৫) এবং উপসচিব মোছা. ফুয়ারা খাতুন (পরিচিতি নম্বর ১৬৯২০)।
তারা সকলেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত আছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১০(৫) ধারা অনুযায়ী তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে এবং মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৪ ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপনের আওতায়, উপসচিব মো. তোফায়েল হোসেনকে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮, ২৯০ ও ২৯১ ধারায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে।
অন্যদিকে, উপসচিব কাজী আরিফুর রহমান ও উপসচিব মোছা. ফুয়ারা খাতুনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর নির্ধারিত ধারায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা সচিবালয়ে কর্মরত অবস্থায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
তবে, মোবাইল কোর্ট পরিচালনার পূর্বে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে। প্রয়োজনে জেলা ম্যাজিস্ট্রেট তার অধিক্ষেত্রে অন্যান্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত আইনে মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি সমন্বয় করতে পারবেন।
এছাড়া, মোবাইল কোর্ট পরিচালনার বিবরণ নির্ধারিত ছকে সংশ্লিষ্ট মাসের শেষ কর্মদিবসে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম।
প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন