প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিগত ২০২৫-২৬ অর্থবছরে ময়মনসিংহ বিভাগের চার জেলার বিভিন্ন সেক্টরের কারখানা ও প্রতিষ্ঠান থেকে ১৯০ জন শিশুকে শ্রম থেকে প্রত্যাহার করা হয়েছে।
ময়মনসিংহ জেলার কারখানা প্রতিষ্ঠান থেকে ১৩৩ জন শিশু শ্রম থেকে প্রত্যাহার করানোর তথ্য দিয়েছেন ময়মনসিংহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক আহমাদ মাসুদ।
তিনি আরও জানান, মাঠপর্যায়ে শিশুর তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখা যায় যে, এসব শিশুর মধ্যে অনেকেই দরিদ্র পরিবার থেকে এসেছে।
আজ সোমবার দুপুরে, বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে, জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় আয়োজকরা বিগত বছরের শিশুশ্রম নিরসনের জন্য দাপ্তরিক কার্যক্রম উপস্থাপন করেছেন।
শিশুশ্রমকে প্রতিরোধ করা ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের আইসিটি ল্যাবে আলোচনাসভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সামাজিক দায়বদ্ধতা থেকে এসব শিশুর জন্য মানবিক কাজ করার আহ্বান জানিয়েছেন উপ-মহাপরিদর্শক আহমাদ মাসুদ। তিনি বলেন, সরকারের বিভিন্ন সুবিধার আওতায় শিশুর পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার পাশাপাশি কর্পোরেট সোস্যাল রেসপনসিবিলিটির আওতায় শিশু ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে।
তিনি সতর্ক করে বলেন, অন্যথায়, শিশুরা আবারও শ্রমে নিযুক্ত হতে পারে। এ সময় আহমাদ মাসুদ শিশু শ্রমিকের পরিবারের সদস্যদের আয়বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে যুক্ত করে, শিশুদের পড়াশোনায় ফিরিয়ে এনে শিক্ষার মাধ্যমে পুনর্বাসনের জন্য সংশ্লিস্টদের প্রতি অনুরোধ জানান।
এর আগে, জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে দিবসটি উপলক্ষে একটি র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। র্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। পরে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
এ সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান শাকিল, সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. দেবজানি সান্নাল, ময়মনসিংহ মহানগর শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলাম দুলাল, মটর মেকানিক শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুবুর রহমান বাবুল, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গোমেজ, মুক্তাগাছা প্রগতি যুব উন্নয়ন সংঘের সভাপতি জনাব রেজুয়ান আল কাফি প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন