প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীর্ঘ দুই বছরের বিরতির পর বলিউডে রাজকীয় প্রত্যাবর্তন ঘটিয়েছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। নতুন সিনেমা ‘ইথা’র টিজারে তাঁর দুর্দান্ত অভিনয় ও নতুন লুক নিয়ে আলোচনা চলছে। নেটদুনিয়ায় টিজার মুক্তির পর শ্রদ্ধার জাদুতে দর্শকরা মুগ্ধ হয়ে পড়েছেন।
ভারতের কিংবদন্তি ‘তামাশা’ ও 'লাবণী' শিল্পী বিথাবাই ভাউ মাং নারায়ণগাঁওকরের জীবন নিয়ে তৈরি বায়োপিক ‘ইথা’। এই সিনেমায় ১৯৪০ থেকে ১৯৯০ সালের দশক পর্যন্ত বিথার অসাধারণ জীবনযাত্রা তুলে ধরা হয়েছে। তার খ্যাতির শীর্ষে ওঠার পাশাপাশি জীবনের নানান প্রতিকূলতার কথা পর্দায় স্থান পেয়েছে। ২০২৪ সালের ব্লকবাস্টার সিনেমা ‘স্ত্রী ২’ এর পর এ সিনেমা দিয়েই প্রেক্ষাগৃহে আসার প্রস্তুতি নিচ্ছেন নায়িকা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ‘ইথা’ সিনেমার টিজার। টিজারে দেখা যাচ্ছে, নৃত্যশিল্পী বিথাবাই চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধা। মঞ্চের পেছনে তিনি সন্তান জন্ম দেন এবং এরপর তিনি নৃত্য প্রদর্শনের জন্য ভরা মঞ্চে ওঠেন।
টিজারে আরও দেখা যায়, নাচের কারণে মৃত্যু ঝুঁকি থাকা সত্ত্বেও সদ্য মা হওয়া বিথা অবিচল থাকেন। এমন পরিস্থিতিতেই মঞ্চে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন, "বারবার পড়ে গিয়ে মারা গেলে লোকে আমাকে অসহায় নারী হিসেবে মনে রাখবে ৷ কিন্তু নাচতে নাচতে মারা গেলে আমি এক কিংবদন্তি হয়ে উঠবো।"
ভারতীয় সংবাদমাধ্যম ইটিভি ভারতের প্রতিবেদন অনুযায়ী, নেটদুনিয়ায় টিজার প্রকাশের পর পরই সিনেমাটি সিনেপ্রেমীদের মাঝে কৌতূহল তৈরি করেছে। সিনেমায় শ্রদ্ধার নতুন লুক দর্শকদের মধ্যে আগ্রহ বাড়াচ্ছে। ভক্ত ও সমালোচক মহলেও তিনি প্রশংসা কুড়াচ্ছেন।
এক্স হ্যান্ডেলে শ্রদ্ধাকে উদ্দেশ্য করে এক ভক্ত লেখেন, "এটি শ্রদ্ধার জন্য জাতীয় পুরস্কার পাওয়ার মতো একটি কাজ। কী অসাধারণ স্ক্রিন প্রেজেন্স, আভা এবং অভিনয়! তিনি সত্যিই বাজিমাত করেছেন।" আরেকজন লেখেন, "শ্রদ্ধা দুর্দান্তভাবে ফিরে এসেছেন। গা শিউরে ওঠার মতো অনুভূতি! এই চরিত্র ফুটিয়ে তোলার জন্যই যেন আপনার জন্ম!"
‘ইথা’য় প্রধান চরিত্রে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। ম্যাডক ফিল্মসের ব্যানারে ও দীনেশ ভিজানের প্রযোজনায় নির্মাণ করা হয়েছে এ সিনেমা। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রণদীপ হুডা ও মোহাম্মদ জিশান আইয়ুব। সিনেমাটি চলতি বছরের আগামী ২৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন