প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পুলিশের দাবি, সাভার-আশুলিয়ায় পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনকে উসকানি দিয়ে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী বিভিন্ন সংগঠন ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের আন্দোলনে সম্পৃক্ততার আশঙ্কা করছে। এ ঘটনার প্রেক্ষিতে সাভার ও আশুলিয়া থানায় দায়ের করা ২৩টি মামলায় এ পর্যন্ত ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও বিজিবি কাঁদানে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। দুপুর সোয়া ১২টার দিকে ফুলবাড়িয়ায় ঢাকা-আরিচা মহাসড়ক থেকে অবরোধকারীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে, সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, ভাঙচুর ও সহিংসতার ঘটনায় দুই থানায় ২৩টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাগুলোতে ৩৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ ১৩ হাজার ৩৬০ থেকে ১৫ হাজার ৩৫০ জনকে আসামি করা হয়েছে। সাভার মডেল থানায় ১১টি মামলায় ১১৭ জন এবং আশুলিয়া থানায় ১২টি মামলায় ৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাভার মডেল থানার পুলিশ জানায়, শ্রমিক অসন্তোষ ও সহিংসতার ঘটনায় ১১টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় ৩৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ ১০ থেকে ১২ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলাগুলোতে ১১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনটি ককটেল, পেট্রোলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, "শ্রমিক অসন্তোষের ঘটনায় দায়ের করা মামলাগুলোতে এখন পর্যন্ত ১১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কেউ পোশাক শ্রমিক নন, তারা সবাই বহিরাগত। নাশকতার উদ্দেশ্যে তারা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন।"
তিনি আরও বলেন, "শ্রমিকদের মজুরির দাবিকে কেন্দ্র করে আন্দোলন হলেও এর পেছনে বিভিন্ন সংগঠন ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের উসকানি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আন্দোলনকে ভয়াবহ রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। উসকানিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।"
অন্যদিকে, আশুলিয়া থানায় শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, ভাঙচুর ও সহিংসতার ঘটনায় ১২টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামাসহ ৩ হাজার ৩৬০ জনকে আসামি করা হয়েছে। বর্তমানে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানিয়েছেন, মঙ্গলবার সাভার ও আশুলিয়ায় ৬০০-এর বেশি শিল্প পুলিশের সদস্য দায়িত্ব পালন করছেন। শ্রমিকেরা কাজে যোগ না দেওয়া এবং বিভিন্ন কারণে নতুন করে প্রায় ২০টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে।
তিনি বলেন, "সাভারের হেমায়েতপুর, রাজফুলবাড়িয়া, ব্যাংকটাউন ও ডেলিকেট গার্মেন্টসের সামনে শ্রমিকেরা সড়ক অবরোধ করলেও পুলিশ, জেলা পুলিশ ও বিজিবির সমন্বিত প্রচেষ্টায় তা তুলে দেওয়া হয়েছে। পদ্দার মোড় এলাকায় একটি কারখানার সামনে বহিরাগত ও সাবেক শ্রমিকেরা ফটক আটকে দিলেও পরে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।"
এছাড়া শিল্পাঞ্চলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। কারখানার আশপাশের সড়ক ও শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় নজরদারিও অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন