প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী তানিয়া সুলতানার বাবা মো. হাবিবুর রহমানের মরদেহ ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার হয় নিখোঁজের দুই দিন পর। হত্যার অভিযোগে মামলা দায়ের করা হলেও তিন সপ্তাহ পার হলেও পুলিশ এখনও ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি।
নিহত হাবিবুর রহমানের বয়স ছিল ৬৯ বছর। তিনি জামালপুর পৌরসভার সকাল বাজারে আইকন ফার্নিচারের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। প্রায় চার মাস আগে তিনি চাকরি ছেড়ে বাড়িতে ফিরে আসেন। গত ২১ অক্টোবর ফজরের নামাজের পর সকাল ছয়টার দিকে তিনি বাড়ি থেকে বের হন এবং এরপর আর ফিরে আসেননি।
পরিবারের সদস্যরা তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
এজাহার সূত্রে জানা যায়, নিখোঁজের দুই দিন পর ২৩ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে জামালপুর সদর থানার ৬ নম্বর নরুন্দি ইউনিয়নের নামা কোচনধারা-সংলগ্ন ব্রহ্মপুত্র নদীর পূর্ব পাড়ে ছাতিয়ানতলা গ্রামের বালুচরে তাঁর মরদেহ পড়ে থাকার খবর পান স্বজনেরা। পরে ঘটনাস্থলে গিয়ে তাঁরা মরদেহ শনাক্ত করেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর ২৪ অক্টোবর বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে হাবিবুর রহমানকে দাফন করা হয়।
নিহতের পরিবারের অভিযোগ, হাবিবুর রহমানকে হত্যা করে তাঁর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে। মরদেহ উদ্ধারের পর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন, জিহ্বা কাটা, চোখ উপড়ে ফেলা এবং মুখে অ্যাসিডজাতীয় পদার্থ নিক্ষেপের চিহ্ন দেখতে পাওয়ার দাবি করেছেন স্বজনেরা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এখনও তাঁদের হাতে আসেনি।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. রাশেদা বেগম ২৫ অক্টোবর জামালপুর সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা ও লাশ গুমের অভিযোগে মামলা দায়ের করেন।
নিহতের মেয়ে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানিয়া সুলতানা তদন্তের অগ্রগতি ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ২১ অক্টোবর থেকে তাঁর বাবা নিখোঁজ ছিলেন এবং পরে ২৩ অক্টোবর বাড়ির পাশের ব্রহ্মপুত্র নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তাঁদের ধারণা, তাঁকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।
তানিয়া বলেন, ‘ঘটনার ২০ দিনের বেশি পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এমনকি ময়নাতদন্তের প্রতিবেদনও আমরা হাতে পাইনি। এতে আমরা চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছি।’
তিনি আরও বলেন, ‘আমি আমার বাবার মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এবং আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীসহ সবার সহযোগিতা কামনা করছি।’
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব এ বিষয়ে বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। হত্যার রহস্য উদ্ঘাটনে প্রয়োজনীয় সব কার্যক্রম চলমান রয়েছে।
নিহতের পরিবার নির্দিষ্ট কয়েকজনকে আসামি করে মামলা করতে চাইলেও পুলিশ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা নিয়েছে বলে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘থানা প্রশাসন কখনোই বাদীকে মামলা না নেওয়ার বিষয়ে পরামর্শ দেওয়ার অধিকার রাখে না।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন