প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। অবশেষে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে ঐতিহাসিক রায় প্রদান করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে), যা নেদারল্যান্ডসের হেগে অবস্থিত। গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঘোষিত এই রায়কে কেন্দ্র করে শুক্রবার (২০ নভেম্বর) কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের হাজার হাজার বাসিন্দা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।
বিচার ও ন্যায়বিচারের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করা রোহিঙ্গাদের কাছে এই রায় নতুন আশার আলো হিসেবে দেখা হচ্ছে। রায় ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পর ক্যাম্পজুড়ে আনন্দের আবহ তৈরি হয়। নারী-পুরুষ ও শিশু সহ বিভিন্ন বয়সী রোহিঙ্গারা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁদের কণ্ঠে ছিল ন্যায়বিচার পাওয়ার আনন্দ এবং চোখেমুখে ছিল দীর্ঘদিনের স্বপ্ন-নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা।
উল্লাস প্রকাশের পাশাপাশি রোহিঙ্গারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যেন আদালতের এ ঐতিহাসিক রায় বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হয়। তাঁদের দাবি, মিয়ানমারে নাগরিকত্বের স্বীকৃতি, নিরাপত্তা, মৌলিক অধিকার এবং বসতভিটায় ফিরে যাওয়ার পরিবেশ নিশ্চিত করা হোক। শুধু বিচার নয়, মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে নিজ দেশে বসবাসের নিশ্চয়তাই এখন তাঁদের প্রধান প্রত্যাশা।
উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনীর দমন-পীড়ন, হত্যা, ধর্ষণ, নির্যাতন ও গ্রাম জ্বালিয়ে দেওয়ার ঘটনায় সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন। পরবর্তীতে গাম্বিয়া ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে।
দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ১৯ নভেম্বর আদালত রায়ে ঘোষণা করেন, ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে মিয়ানমার গণহত্যা সংঘটিত করেছে। আদালত মিয়ানমারকে গণহত্যা-সংক্রান্ত অপরাধের তদন্ত, দায়ীদের বিচার, ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধ এবং ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের নির্দেশ দেন। পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টিও রায়ের নির্দেশনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
আন্তর্জাতিক বিচার আদালতের এ রায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের ন্যায়বিচারের দাবিতে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। তবে রায় ঘোষণার মধ্য দিয়েই তাঁদের দুর্ভোগের অবসান হচ্ছে না। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, আদালতের নির্দেশনা কত দ্রুত বাস্তবায়িত হবে এবং কবে নাগাদ তাঁরা নিজ দেশে নিরাপদে ফিরে যেতে পারবেন।
কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গাদের বৃহস্পতিবারের আনন্দ-উল্লাসের মধ্যে বারবার উচ্চারিত হয়েছে একটি প্রত্যাশা, আর শরণার্থী জীবন নয়, এবার ফিরতে চান নিজেদের জন্মভূমি রাখাইনে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন