প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফুটবল মাঠে অসাধারণ নৈপুণ্য, বিশ্বকাপ জয় এবং কোচ হিসেবে অনন্য সাফল্য—এই সবকিছু মিলিয়ে জিনেদিন জিদানের জীবন এবার বড় পর্দায় উঠে আসার সম্ভাবনা রয়েছে। ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার ও সাবেক রিয়াল মাদ্রিদ কোচকে নিয়ে একটি জীবনীভিত্তিক সিনেমা নির্মাণের পরিকল্পনা চলছে। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের শুরুতে ছবিটির শুটিং শুরু হতে পারে।
ফরাসি সংবাদমাধ্যম লা প্রোভঁসের উদ্ধৃতি দিয়ে ফুট মারকাতো ও লে প্যারিসিয়াঁ জানিয়েছে, ২০২৭ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে মার্সেই ও আশপাশের এলাকায় শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। ছবিতে জিদানের শৈশব থেকে শুরু করে বিশ্বফুটবলের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হয়ে ওঠার কাহিনী তুলে ধরার কথা রয়েছে।
এখন পর্যন্ত মার্সেই অঞ্চলে শিশু ও তরুণ অভিনয়শিল্পী খুঁজতে কাস্টিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ধারণা করা হচ্ছে, ছবিতে জিদানের শৈশব এবং বেড়ে ওঠার পরিবেশের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ফরাসি ফুটবলের ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের চরিত্রে অভিনয়শিল্পী খোঁজার কথাও জানানো হয়েছে কাস্টিং বিজ্ঞপ্তিতে। তাঁদের মধ্যে সাবেক ফরাসি কোচ আইমে জাকেত এবং জিদানের সাবেক জাতীয় দলের সতীর্থদের সঙ্গে সম্পর্কিত চরিত্রও অন্তর্ভুক্ত রয়েছে।
মার্সেইয়ের লা কাস্তেলান এলাকায় বেড়ে ওঠা জিদান পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন কান ক্লাবে। পরবর্তীতে তিনি বোর্দো, জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন। ১৯৯৮ সালে তিনি ব্যালন ডি’অর জয়ের পাশাপাশি ফ্রান্সের প্রথম বিশ্বকাপ জয়ের অন্যতম প্রধান নায়ক ছিলেন।
জিদানের খেলোয়াড়ি জীবন শেষ হলেও ফুটবলে তাঁর সাফল্যের গল্প থেমে থাকেনি। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে তিনি টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ জয়ের বিরল কীর্তি গড়েন। পরবর্তীতে আবারও রিয়ালের দায়িত্ব নিয়ে ক্লাবটির হয়ে আরও কিছু ঘরোয়া শিরোপা জেতেন।
জিদানের জীবনের এই দীর্ঘ পথচলা—মার্সেইয়ের সাধারণ এক পাড়া থেকে বিশ্বফুটবলের শীর্ষে পৌঁছানো এবং কোচ হিসেবে ইতিহাস গড়া—সিনেমার মূল উপজীব্য হতে পারে। তবে নির্মাতা, অভিনয়শিল্পী কিংবা মুক্তির তারিখ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রতিবেদন অনুযায়ী, আপাতত ২০২৭ সালের প্রথম প্রান্তিকে শুটিং শুরুর প্রস্তুতি চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন