প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা এলাকায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বাবা ও ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। ছেলের মৃত্যু সংবাদ শুনে কর্মস্থলে অসুস্থ হয়ে মারা যান বাবা। পরে ছেলের মৃত্যুর খবর সইতে না পেরে বিছানাগত বাবারও মৃত্যু ঘটে।
বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় চৌড়হাস গোরস্তানে পাশাপাশি কবরে তাদের দাফন সম্পন্ন হয়েছে।
মৃতদের মধ্যে আছেন ওই এলাকার বাসিন্দা আবদুল মান্নান (৫৯) এবং তার বড় ছেলে মাহফুজুর রহমান অনিক (২৭)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল মান্নান দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বিছানায় ছিলেন। তার বড় ছেলে মাহফুজুর শহরের ‘মায়ের দোয়া প্রিন্টিং প্রেসে’ কর্মরত ছিলেন। আট মাস আগে বিয়ে করা মাহফুজুর পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। বাবার অসুস্থতা নিয়ে তিনি সবসময় চিন্তিত থাকতেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে ফোনে বাবার অসুস্থতার খবর পান মাহফুজুর। এ খবর শুনে প্রেসের ভেতরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রেসের মালিক মোখলেচুর রহমান জানান, মাহফুজুরকে উদ্ধার করে প্রথমে মান্নান হার্ট ফাউন্ডেশন হাসপাতালে এবং পরে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুমন রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মস্তিষ্কে রক্তক্ষরণ বা স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে মাহফুজুরের মরদেহ বাড়িতে আনা হয়।
নিহতের মামাতো ভাই ফিরোজ আহমেদ জানান, ছেলের মৃত্যুর খবর শোনার পর বাবা আবদুল মান্নান আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে রাত ১১টার দিকে বিছানাতেই তিনিও শেষ নিশ্বাস ত্যাগ করেন। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুজনের এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
৫ নম্বর চৌড়হাস ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুল হক জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক; সকালে পাশাপাশি কবরে বাবা ও ছেলেকে দাফন করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন