প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মহান মুক্তিযুদ্ধের অন্যতম শ্রেষ্ঠ বীরসন্তান বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান-এর স্মৃতি সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তাঁর বীরত্বগাথা তুলে ধরার লক্ষ্যে নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের রামনগর মহাসড়ক সংলগ্ন এলাকায় নির্মিত ম্যুরাল ‘বাংলার ঈগল’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) রায়পুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত দৃষ্টিনন্দন এই ম্যুরালটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরাত জাহান কেয়া এবং মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক। এছাড়াও অনুষ্ঠানে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ম্যুরাল উন্মোচনের পর বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাত শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের অসামান্য দেশপ্রেম, আত্মত্যাগ ও বীরত্বের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, “বীরশ্রেষ্ঠ মতিউর রহমান আমাদের জাতীয় গৌরব ও অহংকার। রায়পুরার মাটিতে তাঁর স্মরণে নির্মিত ‘বাংলার ঈগল’ ম্যুরাল নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে এবং মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
বক্তারা আরও বলেন, স্বাধীনতার জন্য যাঁরা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের স্মৃতি ও আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ‘বাংলার ঈগল’ ম্যুরালটি শুধু একটি স্থাপনা নয়, বরং মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের এক অনন্য প্রতীক হয়ে থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন