প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গুরুত্বপূর্ণ নদীপথ যোগাযোগ কেন্দ্র গৌরিপুর নৌকাঘাটে যাত্রীসেবার মানোন্নয়নে যাত্রী ছাউনি নির্মাণের উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। এ লক্ষ্যে মঙ্গলবার সরেজমিনে নৌকাঘাট এলাকা পরিদর্শন করেন ভৈরব পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদ।
পরিদর্শনকালে ইউএনও নৌকাঘাটের সার্বিক অবস্থা, যাত্রীদের চলাচলের সুবিধা-অসুবিধা এবং যাত্রী ছাউনি নির্মাণের সম্ভাব্য স্থান পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দা ও নৌপথ ব্যবহারকারীদের সঙ্গে কথা বলে তাদের মতামত ও প্রত্যাশার বিষয়গুলোও শোনেন।
স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল গৌরিপুর নৌকাঘাটে একটি আধুনিক যাত্রী ছাউনি নির্মাণের। প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রী এই নৌপথ ব্যবহার করলেও বৃষ্টি ও তীব্র রোদে অপেক্ষমাণ যাত্রীদের জন্য পর্যাপ্ত আশ্রয়ের ব্যবস্থা না থাকায় তাদের দুর্ভোগ পোহাতে হয়। যাত্রী ছাউনি নির্মিত হলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ভৈরব পৌরসভার সচিব ফারুক আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারা যাত্রীসেবার উন্নয়নে এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন বিভিন্ন জনবান্ধব অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। গৌরিপুর নৌকাঘাটে যাত্রী ছাউনি নির্মাণের উদ্যোগও সেই ধারাবাহিক প্রচেষ্টার অংশ।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা আশাবাদ ব্যক্ত করে বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত এ প্রকল্প বাস্তবায়িত হলে নৌপথ ব্যবহারকারী হাজারো মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুবিধা হিসেবে কাজ করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন