প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফেনীর পরশুরামে, মাদ্রাসার ছাদ থেকে নিমপাতা পাড়তে গিয়ে আবদুর রহিম (৫৫) নামের এক বাবুর্চির মৃত্যু ঘটেছে। সোমবার সকালে, সাড়ে ৬টার দিকে উপজেলার শালধর বাজার সিদ্দিকীয়া হিফজুল কোরআন এতিমখানায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুর রহিম ওই এতিমখানায় বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। তিনি মালিপাথর এলাকার বাসিন্দা এবং মৃত আবদুল গোপরানের পুত্র।
মাদ্রাসা সূত্রে জানা যায়, আবদুর রহিম অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছিলেন। সোমবার ফজরের নামাজ আদায়ের পর, সকাল ৬টা ২৪ মিনিটের দিকে তিনি এতিমখানার ছাদে নিমপাতা পাড়তে যান। এ সময় অসাবধানতাবশত তিনি ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. হানিফ বাবুল বলেন, ‘আবদুর রহিম প্রতিষ্ঠার শুরু থেকেই এখানে কর্মরত ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে আমরা সবাই শোকাহত।’
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে, নিমপাতা পাড়তে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। ছাদ থেকে পড়ে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছিলেন, যার কারণে তাঁর মৃত্যু ঘটে। এ ঘটনায় কারও আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন