প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি বেপরোয়া গতির মাইক্রোবাসের সঙ্গে একটি ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের ইছাপুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা বিমানবন্দর থেকে টঙ্গীবাড়ীগামী একটি মাইক্রোবাস প্রথমে নিমতলা এলাকায় একটি প্রাইভেটকারের পেছনে ধাক্কা দেয়। এ সময় প্রাইভেটকারের চালক গাড়িটি থামানোর চেষ্টা করলে মাইক্রোবাসের চালক গতি আরও বাড়িয়ে দেন পালানোর উদ্দেশ্যে। পরবর্তীতে সীমনপাড়া এলাকায় আবারও দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে।
এরপরও মাইক্রোবাসটি থামেনি এবং দ্রুতগতিতে চলতে থাকে। একপর্যায়ে পূর্ব ইছাপুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করেন এবং তাদের প্রথমে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
ক্ষতিগ্রস্ত ট্রাকের চালক আলমগীর জানান, সকালে ট্রাক নিয়ে যাওয়ার সময় এক মাইক্রোবাস সরাসরি তার ট্রাকে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু তিনি অক্ষত থাকেন।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় জড়িত গাড়ি দুটি থানার হেফাজতে আছে। এই ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন