প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসলামের ইতিহাসে এমন একদল মানুষের সন্ধান পাওয়া যায়, যাঁদের সম্পদ অর্জনের গল্পের চেয়েও বিস্ময়কর তাঁদের সম্পদ ব্যয়ের ইতিহাস। তাঁরা ছিলেন মহানবী (সা.)-এর সাহাবি। তাঁদের মধ্যে কেউ ছিলেন আন্তর্জাতিক বাণিজ্যের সফল উদ্যোক্তা, কেউ ছিলেন কৃষি ও জমির বিশাল বিনিয়োগকারী, কেউ ছিলেন আমানতদার ব্যবসায়ী, আবার কেউ ছিলেন সমাজের অর্থনৈতিক সংকট মোকাবিলায় অগ্রণী দানবীর।
মজার ব্যাপার হলো, তাঁদের অনেকেই ইসলাম গ্রহণের আগে থেকেই প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। আবার কেউ কেউ হিজরতের পর প্রায় শূন্য হাতে নতুন শহরে এসে ব্যবসা শুরু করেছিলেন। সততা, দূরদর্শিতা, পরিশ্রম, বাজার সম্পর্কে গভীর ধারণা এবং আল্লাহর ওপর অবিচল আস্থার মাধ্যমে তাঁরা বিপুল সম্পদের মালিক হয়েছিলেন। কিন্তু তাঁদের সম্পদ কখনো তাঁদের হৃদয়কে গ্রাস করতে পারেনি। বরং সেই সম্পদ দিয়ে তাঁরা ক্ষুধার্তের মুখে খাবার তুলে দিয়েছেন, পানির সংকট দূর করেছেন, যুদ্ধের কঠিন সময়ে মুসলিম বাহিনীকে সহযোগিতা করেছেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। ইসলামের ইতিহাসের এমন চারজন ধনাঢ্য সাহাবি হলেন—আবদুর রহমান ইবনে আউফ, উসমান ইবনে আফফান, জুবায়ের ইবনুল আওয়াম ও তালহা ইবনে উবাইদুল্লাহ (রা.).
১. আবদুর রহমান ইবনে আউফ (রা.)
মদিনার অন্যতম সফল ব্যবসায়ী ও দানশীল সাহাবি ছিলেন আবদুর রহমান ইবনে আউফ (রা.). তিনি ছিলেন আশারায়ে মুবাশশারার অন্যতম—অর্থাৎ দুনিয়াতেই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ সাহাবির একজন। ইসলাম গ্রহণের আগে থেকেই তিনি মক্কার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়িক দক্ষতা, সততা ও দূরদর্শিতার কারণে তিনি সমাজে বিশেষ পরিচিতি অর্জন করেছিলেন।
কিন্তু ইসলামের জন্য হিজরত করার সময় তাঁকে মক্কার প্রতিষ্ঠিত ব্যবসা-বাণিজ্য ও সম্পদ ছেড়ে মদিনায় চলে আসতে হয়। নতুন শহরে এসে তাঁর হাতে তেমন কোনো পুঁজি ছিল না। তবু তিনি কারও মুখাপেক্ষী হয়ে থাকতে চাননি। মহানবী (সা.) মদিনায় মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠা করলে তাঁর সঙ্গে মদিনার ধনাঢ্য সাহাবি সাদ ইবনে রাবি (রা.)-এর ভ্রাতৃত্ব স্থাপিত হয়।
সাদ (রা.) তাঁকে নিজের সম্পদের অর্ধেক দেওয়ার প্রস্তাব করেন। কিন্তু আত্মমর্যাদাবোধ ও আত্মনির্ভরশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আবদুর রহমান (রা.) বলেন, ‘আল্লাহ আপনার পরিবার ও সম্পদে বরকত দিন। আমাকে শুধু বাজারের পথ দেখিয়ে দিন।’ এরপর তিনি বাজারে গিয়ে ব্যবসা শুরু করেন। সহিহ বুখারির বর্ণনায় রয়েছে, তিনি ঘি ও পনিরজাতীয় পণ্য নিয়ে ব্যবসা শুরু করেন এবং অল্প সময়ের মধ্যেই লাভের মুখ দেখেন। পরবর্তী সময়ে তিনি ব্যবসার পরিধি আরও বিস্তৃত করেন এবং বিপুল সম্পদের মালিক হন। (সহিহ বুখারি, হাদিস : ২০৪৯)
তবে আবদুর রহমান (রা.)-এর জীবনের সবচেয়ে হৃদয়স্পর্শী দিক হলো, বিপুল সম্পদের মালিক হয়েও তিনি কখনো দুনিয়ার প্রাচুর্যকে নিজের সফলতার চূড়ান্ত নিদর্শন মনে করেননি। একদিন তাঁর সামনে খাবার পরিবেশন করা হলে তিনি শহিদ সাহাবি মুসআব ইবনে উমাইর (রা.) ও হামজা (রা.)-এর কথা স্মরণ করে কেঁদে ফেলেন। তিনি বলেন, মুসআব (রা.) আমার চেয়ে উত্তম ছিলেন, অথচ তাঁকে এমন একটি কাপড়ে কাফন দেওয়া হয়েছিল, যা দিয়ে মাথা ঢাকলে পা বেরিয়ে যেত। আবার পা ঢাকলে মাথা অনাবৃত থাকত। হামজা (রা.)-ও আমার চেয়ে উত্তম ছিলেন। অথচ আজ আমাদের জন্য দুনিয়ার প্রাচুর্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমার ভয় হয়, আমাদের নেক আমলের প্রতিদান হয়তো দুনিয়াতেই দিয়ে দেওয়া হচ্ছে। এরপর তিনি কাঁদতে থাকেন এবং খাবার ছেড়ে দেন। (সহিহ বুখারি, হাদিস : ১২৭৪-১২৭৫)
২. উসমান ইবনে আফফান (রা.)
ইসলামের তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান (রা.) ছিলেন কোরাইশের বনু উমাইয়া গোত্রের একজন অভিজাত ও ধনাঢ্য ব্যক্তি। তিনি ছিলেন অত্যন্ত সফল ব্যবসায়ী। ব্যবসায়িক দক্ষতা, উদারতা ও দানশীলতার কারণে তিনি ‘গনি’ উপাধিতে পরিচিত হন। তাঁর ব্যবসার পরিধি ছিল বিস্তৃত। ব্যবসায়িক লেনদেন ও বাণিজ্যিক যোগাযোগের মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছিলেন। তবে তিনি সম্পদকে মানুষের কল্যাণে ব্যয় করেছেন।
মদিনায় একসময় সুপেয় পানির সংকট দেখা দেয়। বিশেষ করে মুহাজিরদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করা কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় মহানবী (সা.) বীরে রুমা কূপটি ক্রয় করে মুসলমানদের জন্য উন্মুক্ত করে দেওয়ার ব্যাপারে উৎসাহিত করেন। উসমান (রা.) এগিয়ে আসেন। তিনি কূপটির মালিকের সঙ্গে আলোচনা করে তা ক্রয় করেন এবং মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেন। এটি ছিল তাঁর জনকল্যাণমূলক উদ্যোগের অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত। (সহিহ বুখারি, হাদিস : ২৭৭৮)
তাবুক অভিযান ছিল মুসলমানদের জন্য অত্যন্ত কঠিন সময়ের একটি সামরিক প্রস্তুতি। প্রচণ্ড গরম, দীর্ঘ পথ এবং অর্থনৈতিক সংকটের কারণে এ অভিযান পরিচালনা করা সহজ ছিল না। মহানবী (সা.) মুসলিম বাহিনীর প্রস্তুতির জন্য সাহাবিদের সহযোগিতা কামনা করেন। উসমান (রা.) এ সময় অসাধারণ উদারতার পরিচয় দেন। আবদুর রহমান ইবনে সামুরা (রা.) থেকে বর্ণিত, তিনি এক হাজার দিনার নিয়ে নবীজি (সা.)-এর কাছে উপস্থিত হন এবং তা তাঁর কোলে ঢেলে দেন। তখন রাসুলুল্লাহ (সা.) সেগুলো উল্টেপাল্টে দেখতে দেখতে বলেন, আজকের পর উসমান যা-ই করুন, তা তাঁর কোনো ক্ষতি করবে না। তিনি কথাটি দুবার বলেন। (জামে তিরমিজি, হাদিস : ৩৭০১)
৩. জুবায়ের ইবনুল আওয়াম (রা.)
জুবায়ের ইবনুল আওয়াম (রা.) ছিলেন মহানবী (সা.)-এর ঘনিষ্ঠ সাহাবি এবং জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ সাহাবির একজন। তিনি ছিলেন অত্যন্ত সাহসী, বিচক্ষণ ও বিশ্বস্ত ব্যক্তিত্ব। ব্যবসা-বাণিজ্য ও সম্পদ ব্যবস্থাপনাতেও তিনি অসাধারণ দক্ষতার পরিচয় দেন। তাঁর ব্যবসায়িক জীবনের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল স্থাবর সম্পদ ও জমিতে বিনিয়োগ। মদিনার বাইরে বসরা, কুফা ও মিসরসহ বিভিন্ন অঞ্চলে তাঁর বাড়ি ও সম্পত্তি ছিল বলে ঐতিহাসিক সূত্রে উল্লেখ পাওয়া যায়।
জুবায়ের (রা.)-এর অর্থনৈতিক চিন্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল মানুষের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা। মানুষ তাঁর কাছে নিজেদের অর্থ জমা রাখতে চাইত। কিন্তু তিনি সাধারণ আমানত হিসেবে তা গ্রহণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন না। বরং বলতেন, এটি আমানত নয়, ঋণ হিসেবে গ্রহণ করব। কারণ, আমানত হিসেবে গ্রহণ করলে তা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সহিহ বুখারিতে আবদুল্লাহ ইবনে জুবায়ের (রা.)-এর বর্ণনায় এ ঘটনা বিস্তারিতভাবে এসেছে। তাঁর বাবা বলেছিলেন, মানুষের দেওয়া সম্পদ তিনি ঋণ হিসেবে গ্রহণ করতেন। (সহিহ বুখারি, হাদিস : ৩১২৯)
এর ফলে তিনি সেই অর্থ নিজের ব্যবসা ও বিনিয়োগে ব্যবহার করতে পারতেন এবং একই সঙ্গে অর্থদাতার কাছে ঋণ পরিশোধের দায়ও বহন করতেন।
জুবায়ের (রা.)-এর মৃত্যুর আগে তাঁর সবচেয়ে বড় উদ্বেগ ছিল মানুষের কাছে তাঁর ঋণ। তিনি ছেলে আবদুল্লাহ ইবনে জুবায়ের (রা.)-কে বলেছিলেন, তাঁর সম্পদ বিক্রি করে যেন ঋণ পরিশোধ করা হয়। তাঁর ইন্তেকালের পর আবদুল্লাহ (রা.) অত্যন্ত সতর্কতার সঙ্গে পিতার ঋণ পরিশোধের ব্যবস্থা করেন। এমনকি হজের মৌসুমে ধারাবাহিক চার বছর ঘোষণা দেন—জুবায়েরের কাছে কারও কোনো পাওনা থাকলে যেন তিনি এসে তা গ্রহণ করেন। তারপরও সব দায়দেনা ও নির্ধারিত ওসিয়ত বাস্তবায়নের পর তাঁর চার স্ত্রী প্রত্যেকে ১২ লাখ দিরহাম করে পেয়েছিলেন। (সহিহ বুখারি, হাদিস : ৩১২৯)
৪. তালহা ইবনে উবাইদুল্লাহ (রা.)
তালহা ইবনে উবাইদুল্লাহ (রা.) ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ সাহাবির একজন। তিনি ছিলেন অত্যন্ত সাহসী, দানশীল ও সফল ব্যবসায়ী। বস্ত্র ব্যবসা, জমি এবং কৃষিজ সম্পদে তাঁর বিনিয়োগের কথা বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থে পাওয়া যায়। বিশেষ করে ইরাক ও হাদরামাউতের মতো অঞ্চলে তাঁর জমি ও সম্পত্তি ছিল। তাঁর ব্যবসায়িক দূরদর্শিতা এবং কৃষিজ সম্পদ ব্যবস্থাপনা তাঁকে সমসাময়িক ধনাঢ্য সাহাবিদের অন্যতম করে তুলেছিল।
তালহা (রা.)-এর দানশীলতার অসংখ্য ঘটনা ইতিহাসে সংরক্ষিত রয়েছে। একবার হাদরামাউত থেকে তাঁর কাছে বিপুল পরিমাণ অর্থ আসে। বর্ণনা অনুযায়ী, এ অর্থের পরিমাণ ছিল সাত লাখ দিরহাম। এত বিপুল অর্থ ঘরে আসার পর তিনি রাতে চিন্তিত হয়ে পড়েন। তাঁর স্ত্রী তাঁকে পরামর্শ দেন, সকালে তা মানুষের মধ্যে বণ্টন করে দিতে। পরদিন তিনি মুহাজির ও আনসার সাহাবিদের মধ্যে সেই অর্থ বিতরণ করে দেন। (সিয়ারু আ'লামিন নুবালা)
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন