প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামালপুরের সরিষাবাড়ীতে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে চাঁন মিয়া ও ছমী বেগম নামক এক দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় গরু পুড়ে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। কৃষকের দাবি অনুযায়ী, এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে উপজেলার পিংনা ইউনিয়নের রসপাল কুল ঘাট সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনমজুর চাঁন মিয়া এবং তার স্ত্রী ছমী বেগম অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে তাদের সংসার পরিচালনা করছিলেন। চরাঞ্চল থেকে ঘাস কেটে এনে তারা ৪টি ষাঁড়কে পরম মমতায় লালন-পালন করছিলেন। প্রতিদিনের মতো গোয়ালঘরে মশার কয়েল জ্বালানো ছিল, যার পাশেই রান্নার খড়ি রাখা ছিল। ভোরে মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা এসে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করলেও ৪টি ষাঁড়কে রক্ষা করা সম্ভব হয়নি।
আগুন নেভাতে গিয়ে ছমী বেগমের হাত অগ্নিদগ্ধ হয়েছে। তবে তার শারীরিক আঘাত ও যন্ত্রণার চেয়ে কষ্টার্জিত সব হারিয়ে তিনি এখন কান্নায় ভেঙে পড়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পিংনা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া জানান, ‘পরিবারটি অত্যন্ত অসহায় ও দরিদ্র। অন্যের বাড়িতে ও দিনমজুরি করে তারা গরুগুলো বড় করেছিলেন। হঠাৎ এই দুর্ঘটনায় পরিবারটি একেবারেই পথে বসে গেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এই অসহায় পরিবারটিকে আর্থিক ও মানবিক সহায়তা দেওয়া জরুরি।’
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল কালের কণ্ঠকে জানান, বিষয়টি তিনি জানেন। ক্ষতিগ্রস্ত পরিবার আবেদন করলে জেলা প্রশাসকের মাধ্যমে ওই পরিবারটিকে সহায়তা করা যাবে বলে তিনি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন