প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসরাইলের হাইফা র্যাবাইনিক্যাল আদালতের সাবেক প্রধান রাব্বি গেদালিয়া অ্যাক্সেলরড আরব দলগুলোর সঙ্গে সহযোগিতা করা ইহুদি রাজনৈতিক নেতাদের হত্যার বৈধতা দেওয়ার জন্য ধর্মীয় ফতোয়া প্রদান করেছেন। এই তথ্য ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের একটি প্রতিবেদনে উঠে এসেছে।
প্রতিবেদনটি জানাচ্ছে, অ্যাক্সেলরড একটি হাতে লেখা চিঠিতে উল্লেখ করেছেন যে, আরব দলগুলোর সঙ্গে সহযোগিতা করা ইহুদি রাজনীতিকদের বিরুদ্ধে ইহুদি ধর্মীয় আইনের ‘দিন রোদেফ’ নীতি প্রয়োগ করা হতে পারে। এই নীতির আওতায় যদি কোনো ব্যক্তিকে অন্যের জীবনের জন্য হুমকি মনে করা হয়, তবে তাকে হত্যার অনুমতি দেওয়ার ব্যাখ্যা রয়েছে।
চিঠিতে অ্যাক্সেলরড যুক্তি উপস্থাপন করেছেন যে, যেসব ইহুদি রাজনীতিবিদ আরব দলগুলোর সঙ্গে সহযোগিতা করেন, তাদের ক্ষেত্রে ‘দিন রোদেফ’ নীতি প্রযোজ্য। হিব্রু শব্দ রোদেফের অর্থ হলো ‘পিছু ধাবমান ব্যক্তি’ বা ‘আক্রমণকারী’। রাব্বি মোশে বেন মাইমনের ব্যাখ্যা অনুযায়ী, এই ধর্মীয় মতবাদটি কিছু ধর্মীয় আদেশের (মিতজভত) ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা নির্দেশ দেয়: ‘যদি কাউকে ধাওয়া করা হয় (বা আক্রমণ করা হয়), তবে আক্রমণকারীকে হত্যা করে সেই ব্যক্তিকে রক্ষা করতে হবে; আক্রমণকারীর প্রতি কোনো দয়া দেখানো যাবে না; এবং কোনো সহকর্মীর জীবন যখন বিপন্ন, তখন হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকা যাবে না।’
অ্যাক্সেলরডের দাবি, ইসরাইলের আরব দলগুলোর সঙ্গে রাজনৈতিক সহযোগিতা ইসরাইলি জনগণের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। তিনি সরকারে আরব দলগুলোকে অন্তর্ভুক্ত করা কিংবা তাদের বাইরের সমর্থন নেওয়াকেও এই সহযোগিতার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন।
এই ঘটনার পর, ইসরাইলের সাবেক নিরাপত্তা ও সামরিক কর্মকর্তাদের একটি দল হত্যায় উসকানির অভিযোগে অ্যাক্সেলরডের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছেন। তারা পুলিশের তদন্ত বিভাগের প্রধানের কাছে পাঠানো চিঠিতে রাব্বিকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন। অন্যথে, দেশটিতে আরেকটি রাজনৈতিক হত্যাকাণ্ডের আশঙ্কা তৈরি হতে পারে বলেও সতর্ক করেছেন তারা।
এদিকে, জয়েন্ট লিস্টের এমপি ওফের কাসিফও অ্যাক্সেলরডের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরুর আহ্বান জানিয়েছেন। তার মতে, নির্বাচিত জনপ্রতিনিধিদের রাজনৈতিক সিদ্ধান্তের কারণে হত্যার হুমকি বা উসকানি দেওয়ার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।
ডেমোক্র্যাটস নেতা ইয়াইর গোলান সরকারে আরব দলগুলোর অন্তর্ভুক্তির পক্ষে অবস্থান নিয়েছেন। অন্যদিকে, পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোট নির্দিষ্ট শর্ত পূরণকারী দলগুলোকে জোটে আমন্ত্রণ জানানোর কথা বলেছেন। মনসুর আব্বাসের নেতৃত্বাধীন ইউনাইটেড আরব লিস্ট ২০২১-২২ সালে নাফতালি বেনেট ও ইয়াইর লাপিদের সরকারেও অংশ নিয়েছিল।
সূত্র: দ্য জেরুজালেম পোস্ট
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন