প্রিন্ট এর তারিখঃ ১ই নভেম্বর, ২০২৬ইং; ০৫:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ ৮ই আগস্ট, ২০২৬ইং; ০৯:০৫ পি.এম
বানারীপাড়ায় ছাত্রদল নেতার ‘ইয়াবা সেবনের’ ভিডিও ভাইরাল, AI দিয়ে তৈরি দাবি
বরিশালের বানারীপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নয়নগীর বাহালী (নয়ন)-এর ‘ইয়াবা সেবনের’ একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে।
তবে ভিডিওটি নিজের নয় এবং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন ছাত্রদল নেতা মোঃ নয়নগীর বাহালী (নয়ন)।
তার নিজস্ব ফেজবুক আইডিতে এক প্রতিবাদ ও নিন্দা বার্তায় নয়নগীর বাহালী বলেন, তিনি দীর্ঘদিন ধরে বানারীপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি কিংবা কার্ড করে দেওয়ার কথা বলে কারও কাছ থেকে অর্থ গ্রহণের কোনো অভিযোগ নেই বলেও দাবি করেন তিনি।
তিনি আরও দাবি করেন, দলীয় পদ-পদবি ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তির অনৈতিক অর্থ উপার্জনের বিষয়ে তিনি বিভিন্ন সময়ে কথা বলেছেন। এর জের ধরে তার রাজনৈতিক সুনাম ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছেন।
নয়নগীর বাহালীর দাবি, প্রচারিত ভিডিওটি তার নয়। তার নাম ও পদবি ব্যবহার করে কয়েকটি ফেসবুক পেজে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওটি প্রচার করা হয়েছে।
এ ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, যারা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিষয়ে শিগগিরই জনগণের সামনে তথ্য তুলে ধরবেন। পাশাপাশি প্রচলিত আইনের আশ্রয় নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছেন তিনি।
তিনি তার শুভাকাঙ্ক্ষী, বন্ধু ও সমর্থকদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
তবে প্রচারিত ভিডিওটি সত্যিই AI দিয়ে তৈরি কি না, কিংবা ভিডিওটির উৎস ও সত্যতা সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পরই প্রকৃত বিষয়টি নিশ্চিত হওয়া সম্ভব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"