প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় সংসদ সচিবালয়ের জন্য একটি আধুনিক, দক্ষতাভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন জনবল কাঠামো প্রণয়নে সংসদীয় কমিটি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতা চেয়েছে। এই উদ্দেশ্যে, ইউএনডিপির কারিগরি সহযোগিতায় আগামী সাত দিনের মধ্যে একটি আধুনিক জনবল কাঠামোর প্রাথমিক রূপরেখা তৈরির জন্য অনুরোধ করা হয়েছে কমিটির পক্ষ থেকে।
সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ সচিবালয়ের জনবল সংক্রান্ত সংসদীয় কমিটির তৃতীয় বৈঠকে এই অনুরোধ জানানো হয়। বৈঠকের সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বৈঠকে সদস্য হিসেবে উপস্থিত ছিলেন হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রফিকুল ইসলাম, সেলিম রেজা ও শাম্মী আক্তার। বিশেষ আমন্ত্রণে হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান) বৈঠকে অংশ নেন।
বৈঠকে সংসদ সচিবালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ১৬টি এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১৫৫টি শূন্যপদ পূরণের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সরাসরি নিয়োগযোগ্য ১৬টি শূন্যপদে দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া, সংসদ সচিবালয় নিয়োগ বিধিমালা, ১৯৯৪ যুগোপযোগী করার বিষয়েও আলোচনা করা হয়। উন্নত গণতান্ত্রিক দেশগুলোর সংসদ সচিবালয়ের আদলে একটি আধুনিক, দক্ষতাভিত্তিক, পেশাদার ও আন্তর্জাতিক মানসম্পন্ন জনবল কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন কমিটির সদস্যরা। ভবিষ্যতের চাহিদা, প্রযুক্তিগত অগ্রগতি এবং সংসদীয় কার্যক্রমের ক্রমবর্ধমান প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে টেকসই ও দীর্ঘমেয়াদি জনবল কাঠামো প্রণয়নের জন্য স্বল্প ও মধ্যমেয়াদি পরিকল্পনা গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়।
বৈঠকে সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ইউএনডিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর তাগিদ
একই দিন সংসদ ভবনে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সহায়তায় এসপিসিপিডি প্রকল্পের অধীনে ‘মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও পরিবার পরিকল্পনা বিষয়ক সংসদীয় সাবকমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মাতৃস্বাস্থ্য সুরক্ষায় উপজেলা পর্যায়ে চিকিৎসকদের অবস্থান নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহের কারণে মাতৃস্বাস্থ্য ঝুঁকিতে পড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। কমিটি মাঠপর্যায়ে প্রয়োজনীয় জনবল নিয়োগের পরামর্শও দেয়।
কমিটির সভাপতি হাসান রাজীব প্রধান এমপির সভাপতিত্বে বৈঠকে রাশেদা বেগম হীরা, মঈনুল ইসলাম খান, বীথিকা বিনতে হোসাইন, আব্দুল বাতেন, ফাহমিদা হক ও আরিফা সুলতানা অংশ নেন।
বৈঠকে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও মাতৃস্বাস্থ্য সুরক্ষা, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এবং অনিরাপদ গর্ভপাত প্রতিরোধের মাধ্যমে মাতৃত্বকালীন ঝুঁকি কমানোর বিষয়ে আলোচনা হয়। মাতৃস্বাস্থ্য সুরক্ষায় বাল্যবিবাহ নিরসনে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, উঠান বৈঠক আয়োজন, প্রশাসনের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চিঠি দেওয়া এবং গণমাধ্যমে ব্যাপক প্রচারের পরামর্শ দেওয়া হয়।
এছাড়া, প্রয়োজন ছাড়া সিজারিয়ান অস্ত্রোপচার নিরুৎসাহিত করা, উপজেলা পর্যায়ে পরীক্ষাগারের (ল্যাব) কার্যক্রম জোরদার এবং মাতৃস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় উপাদান সরবরাহের বিষয়েও আলোচনা করা হয়।
বৈঠকে প্রকল্প পরিচালক, ইউএনএফপিএর সংশ্লিষ্ট প্রতিনিধি, অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সভাপতি এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন