প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নরসিংদী, ১৩ নভেম্বর, ২০২৬ : নিরিবিলি গ্রাম। চারপাশে সবুজের সমারোহ। এর মধ্যেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মুঘল আমলের স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন, যা প্রায় সাড়ে ৩শ বছরের পুরোনো তিন গম্বুজ মসজিদ।
এই মসজিদটি নরসিংদীর পলাশ উপজেলার পারুলিয়া গ্রামে অবস্থিত এবং এটি আজও বহন করছে ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় স্থাপত্যের স্মৃতি।
সময়ের সাথে সাথে চারপাশে অনেক পরিবর্তন এলেও মসজিদটির ঐতিহাসিক গুরুত্ব কমেনি। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি মুসল্লিদের ইবাদতের স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এবং মুঘল আমলের স্থাপত্যশিল্পের সাক্ষি হয়ে টিকে আছে।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১১২৮ হিজরি মোতাবেক ১৭১৬-১৭১৭ খ্রিস্টাব্দে নাসিরের কন্যা এবং দেওয়ান শরীফ খানের স্ত্রী জয়নব বিবি মসজিদটি নির্মাণ করেন। ঐ সময় বর্তমান নরসিংদী অঞ্চল ১৫৮০ থেকে ১৭২২ সাল পর্যন্ত মহেশ্বরদী নামে পরিচিত ছিল।
স্থানীয় ইতিহাস ও জনশ্রুতি অনুযায়ী, একসময় ব্রহ্মপুত্র নদের তীর ছিল বেশ কর্মচঞ্চল। নদী দিয়ে চলাচল করত বড় বড় পালতোলা নৌযান।
এসব নৌযান দেখতে নদীর পাড়ে মানুষের ভিড় জমত। ধারণা করা হয়, নৌযান দেখার জন্য মানুষের এমন সমাগম থেকেই এলাকার নাম পারুলিয়া হয়েছে।
মসজিদ প্রাঙ্গণ প্রায় ১২ বিঘা জমির ওপর বিস্তৃত। স্থাপত্যশৈলীর দিক থেকেও এটি বেশ আকর্ষণীয়। মসজিদের দেয়াল প্রায় পাঁচ ফুট পুরু। রয়েছে মজবুত পাথরের স্তম্ভ এবং প্রায় ৬০ ফুট দীর্ঘ মূল নামাজের কক্ষ। এর ছাদে রয়েছে তিনটি দৃষ্টিনন্দন গম্বুজ।
মসজিদে একটি প্রশস্ত কেন্দ্রীয় প্রবেশপথ রয়েছে। পূর্ব দিকে তিনটি দরজা ছাড়াও উত্তর ও দক্ষিণ পাশে প্রবেশের ব্যবস্থা রয়েছে। পুরো মসজিদ প্রাঙ্গণ ঘিরে আছে সুরক্ষিত সীমানাপ্রাচীর। ভেতরে রয়েছে প্রশস্ত উঠান। উত্তর-পূর্ব কোণে দুটি উঁচু মিনার রয়েছে।
মসজিদের সামনের দেয়ালে খোদাই করা শিলালিপি এর ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। ফারসি ও বাংলা ভাষায় উৎকীর্ণ ওই শিলালিপিতে উল্লেখ রয়েছে, ‘দেওয়ান শরীফের সওয়াবের উদ্দেশে জয়নব বিনতে নাসির’ মসজিদটি নির্মাণ করেন। বারান্দার প্রবেশপথের ওপর থাকা শিলালিপিতেও নির্মাণের সময়কাল ও এর পেছনে থাকা ধর্মীয় অনুরাগের পরিচয় পাওয়া যায়।
মসজিদের পূর্ব পাশে একটি পুকুরের তীরে গম্বুজবিশিষ্ট সমাধিসৌধ রয়েছে। সেখানে শায়িত আছেন দেওয়ান শরীফ খান ও তার স্ত্রী জয়নব বিবি।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১১২৮ হিজরিতে দেওয়ান শরীফ খান মারা যান। পরের বছর মারা যান জয়নব বিবি। স্বামীর পাশে সমাহিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। তার শেষ ইচ্ছা অনুযায়ী একই সমাধিসৌধে দুজনকে সমাহিত করা হয়।
মসজিদ প্রাঙ্গণে সিঁড়িসহ পাথরে নির্মিত চারটি পুকুর রয়েছে। বর্তমানে এসব পুকুর থেকে পাওয়া আয় মসজিদের রক্ষণাবেক্ষণের কাজে ব্যয় করা হয়।
তবে দীর্ঘ ইতিহাসে প্রাকৃতিক দুর্যোগের ধাক্কাও সামলাতে হয়েছে এই স্থাপনাটিকে। ১৯০৪ সালের ভূমিকম্পে মসজিদের ছাদে ফাটল দেখা দেয়। একই ভূমিকম্পে দেওয়ান শরীফ খানের প্রশাসনিক আবাসভবনও ধসে পড়ে। এরপরও মসজিদটি এর মূল স্থাপত্যশৈলীর বড় একটি অংশ ধরে রাখতে সক্ষম হয়েছে। মসজিদ প্রাঙ্গণের পূর্ব পাশে এখনও কয়েকটি প্রাচীন কবরের ধ্বংসাবশেষ দেখা যায়।
ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণে বিভিন্ন সময়ে স্থানীয় পর্যায়ে উদ্যোগ নেওয়া হয়েছে। ১৯৮৯ সালে মসজিদের কাঠামোগত ফাটল মেরামতে সংস্কারকাজ করা হয়।
পরে ২০১২ সালে এর ঐতিহাসিক বৈশিষ্ট্য ও স্থাপত্যের স্বকীয়তা রক্ষায় আরেক দফা সংস্কার উদ্যোগ নেওয়া হয়।
বর্তমান ইমাম হাফেজ মো. ওয়ালিউল্লাহ বাসসকে বলেন, মসজিদটিতে নিয়মিত অনেক মুসল্লি ও দর্শনার্থী আসেন। তাদের অনেকের বিশ্বাস, এখানে নামাজ আদায় ও দোয়া করলে বিশেষ আধ্যাত্মিক বরকত পাওয়া যায়।
স্থানীয় বাসিন্দা সোহেল রানা (৩২) জানান, প্রতিদিন প্রায় ২০০ থেকে ৩০০ মুসল্লি মসজিদটিতে নামাজ আদায় করতে আসেন।
স্থানীয় বাসিন্দা আসাদুল হক মনা (৫৬) বলেন, মসজিদটি আমাদের ঐতিহ্য। আমি প্রতি শুক্রবার এখানে নামাজ আদায়ের চেষ্টা করি।
তিনি বলেন, মসজিদের পবিত্রতা ও ঐতিহ্য রক্ষায় প্রতি শুক্রবার সন্ধ্যায় আলোচনা সভা ও মাহফিলের আয়োজন করা হয়। তবে মসজিদের মূল স্থাপনা ছাড়া বাইরের মাজারগুলো সংস্কার করা প্রয়োজন।
পলাশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইশতিয়াক আহমদ বাসসকে বলেন, মসজিদটি শুধু পলাশ উপজেলার নয়, বরং সমগ্র বাংলাদেশের ঐতিহ্যের অংশ। মসজিদটির নিরাপত্তা জোরদার এবং মাজারগুলোর উন্নয়নে আমাদের পরিকল্পনা রয়েছে।
এ বিষয়ে শিগগিরই স্থানীয়দের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
চার শতাব্দীর ইতিহাস ধারণ করে পারুলিয়ার তিন গম্বুজ মসজিদ আজও দাঁড়িয়ে আছে স্বমহিমায়। ধর্মীয় উপাসনালয়ের পাশাপাশি এটি মুঘল আমলের স্থাপত্যকুশলতা, শিল্পবোধ ও এ অঞ্চলের মুসলিম ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্মারক।
ইতিহাস ও স্থাপত্যপ্রেমীদের কাছে মসজিদটি তাই শুধুমাত্র একটি পুরোনো স্থাপনা নয়, অতীতের সঙ্গে বর্তমানের সংযোগ ঘটানো এক অনন্য নিদর্শন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন