প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তাইওয়ানের পূর্ব উপকূলে চীনের সামরিক ও নৌ তৎপরতার বৃদ্ধি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য একটি গুরুতর হুমকি তৈরি করছে। বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, বুধবার প্যারিসে অনুষ্ঠিত এক বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে জি-৭ জোটের পররাষ্ট্রমন্ত্রীরা এ উদ্বেগ প্রকাশ করেছেন।
চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে থাকে। গত জুন মাস থেকে তাইওয়ানের পূর্ব উপকূলে দেশটির তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ওই অঞ্চলে নিয়মিতভাবে টহল দিচ্ছে চীনের কোস্ট গার্ড। তবে তাইওয়ান চীনের সার্বভৌমত্বের দাবি মানতে নারাজ। দেশটির কর্মকর্তাদের আশঙ্কা, চীন সম্ভাব্য নৌ অবরোধের প্রস্তুতি নিচ্ছে। এ কারণে সামরিক, আধা সামরিক ও বেসামরিক বাহিনী এবং বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে মহড়া চালানো হচ্ছে।
জি-৭-এর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, তাইওয়ান প্রণালিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি, তাইওয়ানের পূর্ব উপকূলে চীনের ক্রমবর্ধমান তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জোটের পররাষ্ট্রমন্ত্রীরা। বিবৃতিতে আরও বলা হয়েছে, চীনের এসব কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতা, নৌ চলাচলের স্বাধীনতা এবং আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে।
জি-৭ পররাষ্ট্রমন্ত্রীরা জানান, শক্তি প্রয়োগ, চাপ সৃষ্টি বা এর হুমকি দিয়ে একতরফাভাবে বর্তমান পরিস্থিতি পরিবর্তনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে তারা অবস্থান নেবেন। এ বিষয়ে মন্তব্য জানতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চীন তাইওয়ানের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না।
গত মাসে, তাইওয়ানের পূর্ব উপকূলে চীনের কোস্ট গার্ড টহল দেয়। এরপর তাইপে অভিযোগ করে, চীন জাহাজ চলাচলে বাধা ও হয়রানি করছে। একই সঙ্গে ওই জলসীমায় নিজেদের একতরফা কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। তাইওয়ানের কাছে পূর্ব উপকূলের জলসীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির আশঙ্কা, কোনো অবরোধ বা সংঘাত শুরু হলে মিত্র দেশগুলো থেকে যুদ্ধের সময় প্রয়োজনীয় সরবরাহ আনার ক্ষেত্রে এই পথ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
এর আগে, তাইওয়ানের পূর্ব উপকূলে চীনের তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। এদিকে, প্রতিদিনই তাইওয়ানের আশপাশে চীনের সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে। চীনের সামরিক তৎপরতা বেড়ে যাওয়ার খবরের পর মঙ্গলবার তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু বলেন, পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিমানবাহী রণতরিসহ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ নিয়ে মহড়া চালাচ্ছে চীন।
এ মহড়ার উদ্দেশ্য হলো, প্রতিপক্ষের বাহিনীকে ওই এলাকায় প্রবেশে বাধা দেওয়া। তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে প্রয়োজনে শক্তি প্রয়োগের পথ পুরোপুরি বন্ধ করেনি চীন। তবে বেইজিংয়ের দাবি, তারা সামরিক পদক্ষেপের বদলে ‘শান্তিপূর্ণ পুনর্মিলন’ চায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন