প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুক্তিযোদ্ধা পরিচয় এবং চিকিৎসক পদবি ব্যবহার করে প্রতারণার অভিযোগে বাদল বরণ বড়ুয়াকে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি দলের কাউখালী উপজেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং রাঙামাটি জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন। দলটির রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংবাদ প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাদল বরণ বড়ুয়া প্রায় ১২ বছর ধরে দলের সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিচ্ছিলেন। তবে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত তথ্য এবং পরবর্তী যাচাই-বাছাইয়ের ভিত্তিতে তাঁর মুক্তিযোদ্ধা হওয়ার কোনো সরকারি প্রমাণ পাওয়া যায়নি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাদল বরণ বড়ুয়ার নামের সঙ্গে কোনো মুক্তিযোদ্ধা পরিচিতি নম্বর, লাল মুক্তিবার্তা তালিকা, ভারতীয় মুক্তিযোদ্ধা তালিকা, বেসামরিক গেজেট অথবা গেরিলা বাহিনীর গেজেটে নাম পাওয়া যায়নি।
এছাড়াও, তিনি কোনো স্বীকৃত ডিগ্রিধারী চিকিৎসক নন, কিন্তু তবুও নামের আগে ‘ডাঃ’ পদবি ব্যবহার করে আসছিলেন বলে অভিযোগ উঠেছে। দলের ভাষ্য অনুযায়ী, তিনি ভাতাপ্রাপ্ত বা গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা না হওয়া সত্ত্বেও তাঁর নামের সঙ্গে ‘বীর মুক্তিযোদ্ধা’ উপাধি ব্যবহার করেছেন, যা দলের নীতিমালা ও আদর্শের পরিপন্থী হিসেবে বিবেচিত হয়েছে।
অতএব, পার্টির গঠনতন্ত্রের ২৬ ধারার উপধারা-০৩ এর (ঞ) ক্রমিক অনুযায়ী জনগণের স্বার্থবিরোধী এবং মার্কসবাদ-লেনিনবাদী নীতিবোধের পরিপন্থী কর্মকাণ্ডের জন্য বাদল বরণ বড়ুয়াকে দলের সকল পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন