প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গোপালগঞ্জে দায়িত্ব পালনরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের জন্য খাবার ও পানির প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেটিকে বিজিবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিজিবির প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জে অবস্থানরত বিজিবি সদস্যদের খাবার পানিসহ যাবতীয় জিনিসপত্র সরবরাহ করছে আওয়ামী লীগ’ শিরোনামে একটি প্রচার চালানো হচ্ছে। তবে বাস্তবে, গোপালগঞ্জে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের জন্য প্রয়োজনীয় রসদ ও খাবার সামগ্রী নগদ অর্থের মাধ্যমে কেনা হয়।
বিজিবি জানায়, স্থানীয় দোকানির কাছ থেকে মূল্য পরিশোধ করে পানি কেনা হয় এবং ওই দোকানি ভ্যানে করে তাৎক্ষণিকভাবে বিজিবি সদস্যদের কাছে পানি পৌঁছে দেন। এটি বাহিনীর নিজস্ব অর্থায়নে পরিচালিত একটি স্বাভাবিক ক্রয় ও সরবরাহ কার্যক্রম। এই প্রক্রিয়ার সঙ্গে আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তির কোনো সম্পর্ক নেই।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সাধারণ একটি ঘটনাকে রাজনৈতিকভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং বিজিবির নিরপেক্ষতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।
বিজিবি জানায়, এটি একটি সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী। দায়িত্ব পালনরত সদস্যদের রসদ ও প্রয়োজনীয় সামগ্রী সব সময় বাহিনীর নিজস্ব ব্যবস্থাপনা ও অর্থায়নে সংগ্রহ করা হয়। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নির্দেশনা কিংবা অনুদানে সদস্যদের জন্য এসব সামগ্রী সরবরাহের সুযোগ নেই। বাহিনীর নিজস্ব অর্থায়নে কেনা পানিকে রাজনৈতিক সহায়তা হিসেবে প্রচার করা বাস্তবতাবিবর্জিত এবং পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর শামিল।
এ ধরনের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিজিবি। একই সঙ্গে প্রকৃত তথ্য যাচাই না করে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট ব্যক্তি ও মহলের প্রতি আহ্বান জানিয়েছে বাহিনীটি।
বিবৃতিতে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে কোনো ছবি বা ভিডিওর খণ্ডিত অংশের ওপর ভিত্তি করে মনগড়া তথ্য প্রচার না করে ঘটনার প্রকৃত প্রেক্ষাপট যাচাই করার দায়িত্বশীলতা পালনের অনুরোধ জানানো হয়। একটি রাষ্ট্রীয় বাহিনীর পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য প্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেছে বিজিবি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন