প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানের বেলুচিস্তানের ওয়াশুক জেলার মাশখেল এলাকায় একটি দোকানে হামলা চালিয়ে সন্ত্রাসীদের গুলিতে অন্তত পাঁচজন শ্রমিক নিহত হয়েছে। শনিবারের (১২ জুলাই) এই হামলার পেছনে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামে পরিচিত সন্ত্রাসী গোষ্ঠীর হাত রয়েছে বলে জানিয়েছে একটি নিরাপত্তা সূত্র। এ সম্পর্কে জিও নিউজ জানিয়েছে।
নিহত পাঁচ শ্রমিক হলেন— মোহাম্মদ বিলাল, মোহাম্মদ হুসাইন, মোহাম্মদ কাদির, মহসিন এবং বিলাল। ঘটনার পর, নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং হামলাকারীদের ধরার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত শ্রমিকদের পাঁচজনই বেলুচিস্তানের বাইরের মানুষ ছিলেন, যারা কাজের উদ্দেশ্যে সেখানে এসেছিলেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর, তাদের মরদেহ নিজ নিজ এলাকায় পাঠানো হবে এবং এ ঘটনার ওপর তদন্ত শুরু হয়েছে।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি, নিরস্ত্র শ্রমিকদের হত্যার জন্য তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, সন্ত্রাসীরা আবারও নিরীহ শ্রমিকদের ওপর হামলা চালিয়ে তাদের নৃশংস উদ্দেশ্যের পরিচয় দিয়েছে।
তিনি আরও বলেন, ‘সন্ত্রাসীদের লক্ষ্য কোনো ন্যায্য দাবি আদায় করা নয়; বরং ভয় এবং ভীতি ছড়িয়ে পাকিস্তানকে অস্থিতিশীল করা।’ মুখ্যমন্ত্রী রাষ্ট্রের কর্তৃত্বকে চ্যালেঞ্জকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিন্দও এ হামলার তীব্র নিন্দা জানান। তিনি উল্লেখ করেন, ‘সরকার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনার ব্যবস্থা করবে।’ শোকাহত পরিবারগুলোকে পাশে থাকারও আশ্বাস দেন তিনি।
এদিকে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এ হত্যাকাণ্ডের কঠোর নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘নিরীহ শ্রমিকদের হত্যা একটি অত্যন্ত নৃশংস ও কাপুরুষোচিত কাজ।’
তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বলেন, মানবতাবিরোধী এই অপরাধে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, সন্ত্রাসীরা তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য নিরীহ সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু বানাচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন