প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। একের পর এক হত্যাকাণ্ড, থানায় হামলা, প্রকাশ্যে গুলি, বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। এ পরিস্থিতির মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ডিসেম্বর মাসের কর্মসূচি নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে পুলিশ জানাচ্ছে, আতঙ্কের কিছু নেই। আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত রয়েছে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীই নয়, আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে ঐক্যবদ্ধ সব রাজনৈতিক দল। বলা যায়, ফ্যাসিবাদের বিরুদ্ধে গোটা দেশ ঐক্যবদ্ধ।
আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আসছে ডিসেম্বরের জন্য দেশে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নিয়ে মাঠে তৎপর রয়েছে। সড়ক ও নৌপথে নাশকতা চালিয়ে গোপালগঞ্জসহ আশপাশের চার জেলাকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের। ঢাকায় জমায়েত করার পরিকল্পনাও রয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কর্মসূচি দিচ্ছেন দলের নেতা-কর্মীরা। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ২৯ ও ৩০ নভেম্বর দুই দিনের নতুন লকডাউন কর্মসূচির প্রচারণা চলছে। কর্মসূচি সফল করতে গোপালগঞ্জ ও আশপাশের জেলায় বিভিন্ন জেলার নেতা-কর্মীরা জড়ো হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী শহর এলাকা ও উপশহর এলাকায় অভিযান পরিচালনা করায় তারা গ্রামে আশ্রয় নিয়েছে। গ্রামে থেকে সংগঠিত হয়ে নতুন করে নাশকতার পরিকল্পনা করছে।
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তাঁকে ঘিরে দলটির পক্ষ থেকে ‘লকডাউন’সহ অনলাইনে নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নাশকতা, সহিংসতা, আগুনের ঘটনাও ঘটেছে। এ পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পাশাপাশি সরকার ঢাকা, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে। গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনা করছে।
সরকারের তৎপরতার পাশাপাশি রাজপথে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক শক্তিগুলো তৎপর থাকছে। ক্ষমতাসীন দল বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডিসেম্বর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। জামায়াতে ইসলামী ৪০ দিনের কর্মসূচি পালন করছে। সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে। বিদেশি কূটনীতিকদেরও দেশের পরিস্থিতি সম্পর্কে অবহিত করছে সরকার। এখন পর্যন্ত নাশকতা ও আওয়ামী লীগের তৎপরতা রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি সফল হতে পারেনি। তাই এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে ঐক্যের আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলো রাজপথে ঐক্যবদ্ধভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিরোধের ঘোষণা দিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য উপদেষ্টার দেয়া সরকারি তথ্য অনুযায়ী, চলতি নভেম্বর মাসের ১ থেকে ২৩ তারিখ পর্যন্ত সারাদেশে ২১৩টি নাশকতার ঘটনায় ১ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। গত ২৪ নভেম্বর তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এই পরিসংখ্যান তুলে ধরেন। সরকারি হিসাব অনুযায়ী সারাদেশে মোট ২১৩টি নাশকতার ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে এবং ১১ জন আহত হয়েছেন। সারাদেশে ৯৯টি যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। ১২১টি স্থানে ককটেল বা বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। নাশকতার অভিযোগে ৬২টি মামলা ও ২৭টি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে এবং ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে।
তবে গণমাধ্যম ও অন্যান্য সংস্থার তথ্য ভিন্ন। দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার প্রতিবেদন অনুযায়ী, নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে পৃথক সহিংসতায় অন্তত ৪ জন নিহত হন। এর মধ্যে নড়াইল ও ফরিদপুরে বিএনপির ৩ জন নেতাকর্মী এবং পিরোজপুরে পার্ক করা বাসে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ হয়ে ১ জন বাস হেলপারের মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা এবং বিভিন্ন স্থানে পুলিশের স্থাপনা ও সরকারি অফিসে হামলার খবরও রয়েছে।
পুলিশ বলছে, নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, রাজনৈতিক নেতাদের বাড়ি ও কার্যালয় এবং সীমান্ত এলাকায় বাড়তি পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। সীমান্তবর্তী জেলাগুলোতে বিজিবির সঙ্গে সমন্বয় করে নজরদারি বাড়ানো হয়েছে। সুনামগঞ্জ ও দিনাজপুরের হিলি সীমান্তে নাইট ভিশন ডিভাইস, থার্মাল ড্রোন, সিসিটিভি ক্যামেরা ও সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। গোপালগঞ্জসহ ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে নিয়মিত অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীকে গ্রেফতার করা হচ্ছে।
পুলিশ সদর দফতরের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) মো. আহসান হাবীব পলাশ বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ দলের নেতা-কর্মীরা কী করতে চায়, সেই গোয়েন্দা তথ্য পুলিশের কাছে আছে। চাইলেই তো আর করতে পারবে না। যেকোনো ধরনের নাশকতা মোকাবিলায় পুলিশ পুরোপুরি প্রস্তুত। সম্ভাব্য নাশকতা ঠেকাতে ঢাকা, গোপালগঞ্জ, খুলনা এবং আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জেলাগুলো নিয়ে বিশেষ পরিকল্পনা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গোপালগঞ্জে বাড়তি সতর্কতা
ফরিদপুর থেকে আনোয়ার জাহিদ জানান, এখন গোপালগঞ্জের বিভিন্ন গ্রামে জড়ো হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এলাকার সাধারণ মানুষের দাবি, তাদের বিতাড়িত করতে গ্রামে গ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জরুরি। তারা বলেন, গ্রাম এবং অজপাড়াগাঁয়ে ঘাপটি মেরে আছে বিপথগামী বহিরাগত সন্ত্রাসীরা। এরা কেউ গোপালগঞ্জের লোক নয়। তারা বলেন, উপজেলার পথে পথে, শহরের অলিগলি এবং বিভিন্ন বিশেষ স্থাপনার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লক্ষণীয় উপস্থিতি দেখা গেলেও গ্রাম-গঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি একেবারেই নেই।
মুকসুদপুর উপজেলার সালথা থানার বর্ডার এলাকার আ: গনি, মমিন এবং কাশিয়ানি ভাটিয়াপাড়ার আরতি, খগেন ও আয়শা তারা ইনকিলাবক বলেন, গোপালগঞ্জ জেলা শহরের এখন নিষিদ্ধ সংগঠনের লোকের সংখ্যা একেবারে জিরো। কিন্তু পাড়াগাঁয়ে সন্ত্রাসীরাই হিরো। তাই গ্রাম ও পাড়াগাঁয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ব্যাপক আকারে বাড়ানোর জরুরি। সামনে আসছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন, এর পর ১৬ ডিসেম্বর। কি হবে কে জানে। এমন আতঙ্কে দিন পার করছেন গ্রামের মানুষ।
গোপালগঞ্জের তিনটি উপজেলায় শহরকেন্দ্রিক এলাকাগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও প্রত্যন্ত গ্রামাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি তুলনামূলক কম বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। গ্রামবাসীর আশঙ্কা, এই সুযোগে নিষিদ্ধ ঘোষিত বা কার্যক্রম স্থগিত থাকা রাজনৈতিক দলের নেতা-কর্মীরা গ্রামাঞ্চলে জড়ো হচ্ছেন, যা এলাকায় পুনরায় অস্থিতিশীলতা বা সহিংসতার ঝুঁকি সৃষ্টি করতে পারে।
মুকসুদপুর বাটিকামারী এবং ট্যাংরাখোলা চারঘাট এলাকা এবং সীমান্ত এলাকা চরযশোরদীর মিনারা খাতুন, ময়না বেগম ও আসমানি খাতুন তিনজনই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তারা বললেন, গ্রামের বহু মানুষ বিভিন্ন জায়গায় কম কম করে সন্ধ্যার মিটিং করে আবার বিকেলেও করে আমরা খুব ভয়ে আছি। এসব জায়গায় বিজিবি, এসআরবি, আনসার, পুলিশ কেউ আসে না।
এমন উদ্বেগের প্রেক্ষাপটে জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সচেতন মহল মনে করেন। কেবল শহর বা প্রধান সড়ককেন্দ্রিক নিরাপত্তা না রেখে প্রত্যন্ত গ্রাম, হাটবাজার এবং সংযোগ সড়কগুলোতে পুলিশ ও অন্যান্য বাহিনীর নিয়মিত ও আকস্মিক টহল বৃদ্ধি করতে হবে। কোনো গোষ্ঠী বা ব্যক্তি যাতে গোপনে সংগঠিত হয়ে নাশকতা বা সহিংসতার পরিকল্পনা করতে না পারে, সেজন্য স্থানীয় পর্যায়ে গোয়েন্দা তৎপরতা আরো সক্রিয় করতে হবে।
সাম্প্রতিক সময়ে নানা জটিলতা ও রাজনৈতিক-সামাজিক অস্থিরতায় ঘিরে ধরছে গোপালগঞ্জ জেলাকে। তবে এই অস্থিতিশীল পরিস্থিতি ও কোনো ধরনের সহিংসতা চান না জেলার সাধারণ মানুষ। জেলাবাসী ও স্থানীয় সচেতন সমাজের প্রতিনিধিদের মতে, জেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং যেকোনো ধরনের উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড প্রতিহত করতে এখন সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
খুলনা থেকে আবু হেনা মুক্তি জানান, খুলনা মহানগরী ও জেলার প্রত্যন্ত অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ। একের পর এক হত্যাকাণ্ড, প্রকাশ্যে গুলি, বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং বেপরোয়া চাঁদাবাজিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। অভিযোগ উঠেছে, মহানগর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও অভিযানের কিছু দৃশ্যমানতা থাকলেও জেলার প্রত্যন্ত উপজেলা ও গ্রামীণ জনপদে বিজিবির দৃশ্যমান অভিযান না থাকায় অপরাধীরা আরো বেপরোয়া হয়ে উঠছে। স্থানীয়দের দাবি, এই সুযোগে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসররা সশস্ত্র সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্রের সঙ্গে মিলেমিশে পরিস্থিতিকে আরো অস্থিতিশীল করে তুলছে। সূত্রমতে, খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহতার চিত্র উঠে এসেছে সাম্প্রতিক অপরাধের পরিসংখ্যানে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত খুলনা মহানগর ও জেলা মিলিয়ে ৮১ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে মহানগর এলাকায় ৪১ জন এবং জেলা পুলিশের আওতাধীন এলাকায় ৪০ জন নিহত হয়েছেন। নভেম্বর মাসের প্রথম ২৫ দিনেই মহানগর ও জেলার বিভিন্ন স্থানে অন্তত ১৫টি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গুলিতে পাঁচজন এবং ধারালো অস্ত্রের আঘাতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন। গত ২৪ নভেম্বর মাত্র একদিনে খুলনা মহানগরীর ছয়টি থানা এলাকার সাতটি স্থানে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর মধ্যে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় ব্যবসায়ী শেখ আব্দুল হালিমকে গুলি করে হত্যা করা হয়। একই দিন বিভিন্ন এলাকায় প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
একের পর এক এমন ঘটনায় সাধারণ মানুষের প্রশ্ন— দিনদুপুরে কিংবা প্রকাশ্যে অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা কীভাবে অপরাধ সংঘটনের সাহস পাচ্ছে? অপরাধীদের হাতে আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে? এসব অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেফতারে কার্যকর উদ্যোগ কতটা সফল হচ্ছে?
এদিকে, খুলনা নগরী ও আশপাশ এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর দৌরাত্ম্যে নিরাপত্তাহীনতা চরমে পৌঁছেছে। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অভিযোগ অনুযায়ী, প্রায় প্রতিদিনই কোনো না কোনো এলাকায় খুন, জখম কিংবা চাঁদা দাবির ঘটনা ঘটছে। সাম্প্রতিক সময়ে ধারাবাহিক হত্যাকাণ্ডের পরিসংখ্যান ও গুলির ঘটনায় নগরবাসী ও জেলার বাসিন্দাদের মধ্যে গভীর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ী, চিকিৎসক, ক্লিনিক মালিক থেকে শুরু করে সাধারণ গৃহনির্মাণকারীদের কাছেও মোটা অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। প্রাণনাশের হুমকি ও প্রতিশোধের ভয়ে অনেকে থানায় অভিযোগ করতে সাহস পাচ্ছেন না; বরং নীরবে চাঁদা দিয়ে অথবা ব্যবসা গুটিয়ে ও এলাকা ছেড়ে পালিয়ে বাঁচতে চাইছেন কেউ কেউ।
ভুক্তভোগী ও সচেতন মহলের মতে, নগর এলাকায় টহল বা বিশেষ তৎপরতার খবর পাওয়া গেলেও জেলার রূপসা, ডুমুরিয়া, তেরখাদা, দীঘলিয়া, বটিয়াঘাটাসহ প্রত্যন্ত জনপদগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান অভিযান বা টহল না থাকায় অপরাধী চক্রগুলো নিরাপদ আশ্রয় ও চলাচলের সুযোগ পাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী ও দোসরদের একটি অংশ বর্তমানে চিহ্নিত সন্ত্রাসী, মাদক কারবারি ও চাঁদাবাজদের সঙ্গে হাত মিলিয়েছে। অর্থের যোগান, আশ্রয়-প্রশ্রয় এবং গোপন তথ্য আদান-প্রদানের মাধ্যমে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক করার চেষ্টা করছে বলে মনে করছেন অনেকেই। ফলে গ্রামীণ ও উপকূলীয় জনপদেও খুন, দখল ও চাঁদাবাজির মতো অপরাধ মাথাচাড়া দিয়ে উঠেছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও অন্যান্য বাহিনীর পক্ষ থেকে নিয়মিত অভিযান, চেকপোস্ট বসানো এবং গ্রেফতার তৎপরতার কথা জানানো হলেও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফেরেনি। বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা ইতোমধ্যে অপরাধ দমনে আরো কঠোর, সমন্বিত ও দৃশ্যমান যৌথ অভিযানের দাবি জানিয়েছেন।
খুলনাবাসীর প্রত্যাশা, কেবল মহানগরকেন্দ্রিক সীমাবদ্ধ না থেকে জেলার প্রত্যন্ত অঞ্চলেও বিজিবি ও যৌথ বাহিনীর জোরালো এবং দৃশ্যমান অভিযান পরিচালনা করা হোক। একই সঙ্গে সন্ত্রাসীদের মদদদাতা ও রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থাকা দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় আনা গেলে তবেই খুলনা অঞ্চলের মানুষ আবারও নিরাপদ ও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
খুলনা নাগরিক নেতা শেখ আশরাফ উজ জামান ইনকিলাবকে বলেন, হত্যাকাণ্ডের ধারাবাহিকতা, প্রকাশ্যে অস্ত্রের ব্যবহার ও চাঁদাবাজির আতঙ্ক থেকে মুক্তি চায় খুলনাবাসী। এখন দেখার বিষয়, প্রধানমন্ত্রীর দেয়া দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস কতটা বাস্তবে রূপ নেয়। শিল্প ও বাণিজ্য নগরী খুলনায় আবারও শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ ফিরবে— এমন প্রত্যাশায় এখন প্রধানমন্ত্রীর দিকেই তাকিয়ে আছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ এই জনপদ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন