প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ : জামালপুর সমিতি, ঢাকা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতকে পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার জন্য সংবর্ধনা প্রদান করেছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। অনুষ্ঠানে জামালপুরের নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ, জামালপুর সমিতির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং জামালপুরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করেন, "শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার।" তিনি বলেন, "দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন সংগ্রামে আমি জামালপুরবাসীকে আমার পাশে পেয়েছি। এজন্য আমি আজীবন আপনাদের প্রতি কৃতজ্ঞ।"
জামালপুরের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, লাওচাপড়াকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, ঝিনাইগাতীতে পর্যটন হোটেল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। জামালপুরের পর্যটন স্পটগুলোকে পরিকল্পিতভাবে তুলে ধরা হবে, যাতে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ জামালপুর ভ্রমণে আগ্রহী হন।
এ সময় মন্ত্রী শ্রদ্ধার সঙ্গে বিএনপির সাবেক মহাসচিব মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারকে স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, "তার নেতৃত্ব শুধু তার নিজের জন্য নয়, গোটা জামালপুরবাসীর জন্যও ছিল এক বিরাট পাওয়া।"
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, "জামালপুরবাসীর দোয়া ও ভালোবাসা ছাড়া আজকের এ অবস্থানে আসা সম্ভব হতো না। আমি সবসময় জামালপুরের জনগণের জন্য কাজ করতে চেয়েছি। ২০০১ সালে জামালপুরবাসী আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেন এবং পরবর্তীতে ২০২৬ সালে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসন থেকে দ্বিতীয়বারের মতো প্রতিনিধিত্ব করার দায়িত্ব দিয়েছেন।"
মন্ত্রী বলেন, "যদি সৎ পথে চলা যায়, সত্য কথা বলা যায় তবে সর্বশক্তিমান আল্লাহর রহমত পাওয়া যায়। এর প্রমাণ আমি নিজেই। আল্লাহর অশেষ রহমতে আমি আজ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী।"
তিনি আরও বলেন, "যমুনা নদীর ভাঙন রোধে একটি প্রকল্প বর্তমানে একনেকে রয়েছে। প্রকল্পটি শিগগিরই অনুমোদিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এর মাধ্যমে জামালপুরের সাধারণ মানুষ নদীভাঙনের কবল থেকে সুরক্ষা পাবে বলে তিনি উল্লেখ করেন।"
বক্তব্যের শেষ পর্যায়ে মন্ত্রী সকলকে দেশের প্রতি ভালোবাসা নিয়ে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, "আসুন, আমরা সবাই মিলে এই দেশটাকে ভালোবেসে দেশের জন্য যার যার অবস্থান থেকে কাজ করি।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন