প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইউক্রেনের বিভিন্ন এলাকায় আজ বৃহস্পতিবার রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে এবং কয়েকজন আহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন রাজধানী কিয়েভে একজন এবং মধ্যাঞ্চলীয় ক্রিভি রিহ শহরে ছয়জন।
ক্রিভি রিহে নিহতদের মধ্যে দুটি শিশু, ৫ ও ১২ বছর বয়সী, রয়েছে। স্থানীয় কর্মকর্তাদের অভিযোগ, একটি ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি বাড়িতে সরাসরি আঘাত হানে। ধ্বংসস্তূপ সরানোর কাজ চালানোর ফলে নিহতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। হামলার সময় ইউক্রেনের বেশিরভাগ অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছিল।
রাজধানী কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং কিছু অনাবাসিক ভবনে আগুন লেগেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফর শেষ করে দেশে ফিরেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে দুটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধার করার জন্য উদ্ধারকর্মীরা অভিযান পরিচালনা করে যাচ্ছেন। হামলার আগে প্রেসিডেন্ট জেলেনস্কি বড় ধরনের রুশ হামলার আশঙ্কার কথা জানিয়ে বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মিত্র দেশগুলোর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ইউক্রেনের মানুষের জীবন রক্ষায় আন্তর্জাতিক অংশীদারদের দ্রুত ও কার্যকর সহযোগিতা প্রয়োজন।
এ দিকে, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য পোল্যান্ড নিজেদের আকাশসীমা সুরক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করেছে। দেশটির সশস্ত্র বাহিনী জানিয়েছে, যুদ্ধবিমানের পাশাপাশি একটি আগাম সতর্কীকরণ বিমান, ভূমিভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার ইউনিটও প্রস্তুত রাখা হয়েছে। তাদের মতে, এসব পদক্ষেপ সম্পূর্ণ প্রতিরোধমূলক।
অপরদিকে, ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় পেনজা শহরে অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের একটি গুদামে আগুন লেগেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন এবং প্রায় ২০০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আঞ্চলিক গভর্নর ওলেগ মেলনিচেঙ্কো জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। ঘটনার পর ওয়াইল্ডবেরিজ তাদের সরবরাহ ব্যবস্থা পুনর্বিন্যাস করেছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক ড্রোন হামলায় ওয়াইল্ডবেরিজের প্রায় এক ডজন গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে প্রতিষ্ঠানটির গুদাম ধারণক্ষমতার প্রায় ১০ শতাংশ নষ্ট হয়েছে। এছাড়াও, প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল হাজারো ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতির মুখে পড়েছেন।
এদিকে রাশিয়ার বৃহত্তম ব্যাংক স্বারব্যাংক সতর্ক করেছে, যে ওয়াইল্ডবেরিজের ওপর হামলার কারণে প্রতিষ্ঠানটির এবং এর সরবরাহকারীদের আর্থিক চাপ বাড়তে পারে। ফলে ব্যাংকটিকে ঋণ-ক্ষতির জন্য অতিরিক্ত অর্থ সংরক্ষণ করতে হতে পারে। তবে এসব ঘটনার সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন