প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইলের স্কুলছাত্রী সামিয়া আক্তারকে অপহরণ করার পর হত্যার অভিযোগে আসামিকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড। বুধবার (১৫ জুলাই) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াস এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামি হলো টাঙ্গাইলের সখিপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সাব্বির মিয়া (২১)।
টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট ওমরাও খান দীপু জানান, সখিপুরের দাড়িয়াপুর গ্রামের রনজু মিয়ার মেয়ে সামিয়া আক্তার (৯) দাড়িয়াপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। ২০২৩ সালের ৬ সেপ্টেম্বর সকালে প্রাইভেট পড়ার পর বাড়ি ফেরার পথে আসামি সাব্বির তাকে অপহরণ করে পাশের একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে সামিয়া যখন নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল, তখন তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং লাশ গুমের উদ্দেশ্যে পাশের একটি ধানক্ষেতের ড্রেনে কাদামাটি দিয়ে ঢাকা হয়।
এরপর আসামি সাব্বির নিজেকে গোপন করে একটি ইমু আইডি থেকে ভয়েস এসএমএস-এর মাধ্যমে সামিয়ার বাবার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এই ঘটনার পর পরই ৭ সেপ্টেম্বর সামিয়ার বাবা রনজু মিয়া সখিপুর থানায় মামলা করেন। মামলার পর দিন ৮ সেপ্টেম্বর, পুলিশ সেই ধানক্ষেতের ড্রেন থেকে সামিয়ার লাশ উদ্ধার করে। তথ্যপ্রযুক্তির সাহায্যে ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর সাব্বিরকে পুলিশ গ্রেপ্তার করে।
পরে সাব্বির আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে সম্মত হয়। ২০২৪ সালের ১১ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ।
বিচার শেষে স্কুলছাত্রীর হত্যার জন্য আসামি সাব্বিরকে মৃত্যুদণ্ড এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া অপহরণের অভিযোগে তাকে ১৫ বছর সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড, মুক্তিপণের উদ্দেশ্যে শিশুকে আটক রাখার জন্য যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তদুপরি, হত্যার পরে লাশ গুমের চেষ্টাসহ মামলার গুরুত্বপূর্ণ আলামত পুড়িয়ে ফেলার অপরাধে আসামিকে আরও পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন বিচারক।
আসামি পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন (স্টেট ডিফেন্স)। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাব্বিরকে টাঙ্গাইল কারাগারে স্থানান্তরিত করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন