প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের কাশিমপুর এলাকায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন ফর্টিফাইড সয়াবিন ও সরিষার তেল বিক্রি এবং ওজনে কম দেয়ার বিষয়ে চার প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেছা খানম এই অভিযানে নেতৃত্ব দেন। মঙ্গলবার গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকার বিভিন্ন স্থানে বিএসটিআই গাজীপুরের উদ্যোগে অভিযানটি পরিচালনা করা হয়।
বিএসটিআই গাজীপুরের সহকারী পরিচালক মো. সাইদুর রহমান জানান, সিটি করপোরেশনের পশ্চিম পানিশাইলের মেসার্স মক্কা সুপার অয়েল মিল ফর্টিফাইড সয়াবিন তেল ও সরিষার তেল বিক্রয়ের ক্ষেত্রে বিএসটিআইয়ের সিএম (সার্টিফিকেশন মার্ক) লাইসেন্স গ্রহণ করেনি। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই প্রতিষ্ঠানের উত্তর পানিশাইলের ইউনিটে সয়াবিন তেল ওজনে কম দেওয়ার প্রমাণ পাওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন অনুযায়ী আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া মোড়খান চত্বর এলাকার লালমনিরহাট ভ্যারাইটিস স্টোরে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়াই ফর্টিফাইড সয়াবিন তেল বিক্রয়ের অভিযোগে ১ লাখ টাকা এবং মাধবপুরের ২ নম্বর ওয়ার্ডের সিকদার কনজ্যুমার প্রোডাক্টসকে একই অভিযোগে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে বিএসটিআই, গাজীপুরের উপ-পরিচালক এস এম তালাত মাহমুদ, সহকারী পরিচালক (সিএম) মো. সাইদুর রহমান উপস্থিত ছিলেন। অভিযানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ও র্যাব-১-এর একটি দল সম্পূর্ণ সহযোগিতা করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন