প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার কৃতি সন্তান হাফেজ মাওলানা ইউসুফ জামিল, বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছেন। তার এই গৌরবময় অর্জন উপলক্ষে আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থা সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
শুক্রবার (১৭ জুলাই) বাদ মাগরিব মানিকছড়ি ফুড হাউজ রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, শিক্ষক, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থার সভাপতি হাফেজ মুহাম্মদ নাছির উদ্দীন ইহ্সান। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানিকছড়ি দারুস সুন্নাহ মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা নুর মোহাম্মদ, তিনটহরী মহিউস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা ফরিদ উদ্দিন, সহকারী পরিচালক হাফেজ ওমর ফারুক, সাফা-মারওয়া মাদ্রাসার মুহতামিম মুফতি দিদারুল আলম কাসেমী, মাওলানা জাফর আহমদ এবং সাংবাদিক ও শিক্ষক মো. আব্দুল মান্নান।
প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা ইউসুফ জামিল। অনুষ্ঠানে তার বাবা মো. রফিকুল ইসলাম, চাচা মো. শফিকুল ইসলাম, মো. রাশেদুল ইসলাম, বড় ভাই মো. আমিনুল ইসলাম ইমনসহ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
আলোচকরা বলেন, আল-আজহারে অধ্যয়নের সুযোগ শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি মানিকছড়ির জন্যও গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, ইউসুফ জামিল দেশে ফিরে ইসলামী জ্ঞান, গবেষণা ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। পাশাপাশি আগামী প্রজন্মকে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষায় এগিয়ে যেতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, প্রত্যন্ত জনপদ থেকেও মেধা, অধ্যবসায় ও সঠিক দিকনির্দেশনা থাকলে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন সম্ভব। তাই তরুণদের উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তারা।
অনুষ্ঠানের শেষে হাফেজ মাওলানা ইউসুফ জামিলের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থা এবং তিনটহরী তাফসীরুল কুরআন পরিষদ-এর পক্ষ থেকে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই করতালির মাধ্যমে তাকে শুভকামনা জানিয়ে বিদায় জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন