প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে গবাদিপশুর অবাধ বিচরণ এবং মলমূত্রের কারণে পরিবেশ দূষণ রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে জেলা প্রশাসন। এজন্য সৈকত ও পর্যটন এলাকার চারপাশে মাইকিং করে পশুর মালিকদের সতর্ক করার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১৪ নভেম্বরের পর সৈকতে যদি কোনো গবাদিপশু দেখা যায়, তাহলে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পশু তাৎক্ষণিক নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির ১২৩তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সম্প্রতি সৈকতের বিভিন্ন স্থানে গবাদিপশুর অবাধ বিচরণ বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার মাহমুদুর রহমান সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সৈকতের নাজিরারটেক, ডায়াবেটিক পয়েন্ট, কবিতা চত্বর, লাবণী, সুগন্ধা, কলাতলী, দরিয়ানগর, হিমছড়ি ও ইনানী হয়ে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত বেলাভূমির বিভিন্ন এলাকায় গরু, মহিষ, ছাগল ও ভেড়া অবাধে বিচরণ করছে। পশুর মালিকদের অসচেতনতার কারণে সৈকতের বালিয়াড়িতে এসব পশু মলমূত্র ত্যাগ করছে। এর ফলে সৈকতের পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হচ্ছে, পাশাপাশি পরিবেশ সংরক্ষণ বিধানাবলি ও প্রচলিত আইন লঙ্ঘিত হচ্ছে।
এই পরিস্থিতিতে সৈকতের নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং পরিবেশগত শৃঙ্খলা বজায় রাখতে আগামী ১৪ নভেম্বরের মধ্যে পুরো সৈকত এলাকায় মাইকিং জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে গবাদিপশুর মালিকদের সতর্ক ও সচেতন করা হবে। কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের সহকারী কমিশনার মাহামুদুর রহমান সায়েম ১১ নভেম্বর পাঠানো এক চিঠিতে এসব নির্দেশনার কথা উল্লেখ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন