প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন, বর্তমান সরকার ফ্যাসিস্ট সরকারের অপশাসন এবং দুর্নীতির জঞ্জাল দূর করতে দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি বলেন, দেশের প্রতিটি জায়গায় অপশাসন ও দুর্নীতির জঞ্জাল বিদ্যমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার এই জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে।
আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। এফডিসি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা তানি।
তথ্য প্রতিমন্ত্রী অতীতের নির্বাচন নিয়ে বিচার করে বলেন, শিল্পী সমিতির নির্বাচনের উদাহরণ দেখে অনিয়মের কথা আমরা জানি। তবে বর্তমান সরকারের নির্বাচনে কোনো হস্তক্ষেপ করার অভিপ্রায় নেই। সরকার চেয়েছে শিল্পীরা যাকে খুশি তাকে নির্বাচিত করবে এবং স্বাধীনভাবে ভোট দেবে। এই কারণে এবারের নির্বাচনের সঙ্গে কোনো বিতর্ক নেই।
তিনি আরও বলেন, সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার ব্যাপারে কঠোর ছিল। যাতে নির্বাচন সম্পূর্ণ নিরপেক্ষ হয়, সে জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা করেছে।
ডিরেক্টর সমিতির অভিযোগের জবাবে ইয়াসের খান চৌধুরী বলেন, সরকার কাউকে আইনের আশ্রয় নিতে বাধা দিতে পারে না। কারণ সরকার কিন্তু আইনের রক্ষক। তবে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে—নিজেদের বিরুদ্ধে মামলা করবেন কিনা!
এফডিসির উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার জনগণের অর্থ খরচ করে এবং সেই অর্থ ফেরত আসবে কিনা সে বিষয়টি আপনাদেরও ভাবতে হবে। আমি জনগণের টাকার রক্ষক। বিগত সরকারের মতো ইচ্ছেমতো খরচ করে জনসাধারণকে অবজ্ঞা করতে পারব না।
এদিকে সদ্য সমাপ্ত বিশ্বকাপ ফুটবলের উদাহরণ টেনে তিনি বলেন, ৪৭ কোটি টাকা দিয়ে ফিফার কাছ থেকে স্বত্ত্ব কিনে বিটিভি বিশ্বকাপ ফুটবল খেলা সম্প্রচার করেছে। আমরা অত্যন্ত তৎপর ছিলাম, যার ফলে এখন পর্যন্ত ৪৪ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া সম্ভব হয়েছে।
এটিকে একটি ‘বিরল ঘটনা’ হিসাবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে এর আগে এমন উদাহরণ তৈরি হয়নি। বিগত ফ্যাসীবাদী সরকার আগের বিশ্বকাপ ফুটবল খেলা সম্প্রচার করতে গিয়ে জনগণের প্রায় ১০০ কোটি টাকা লোপাট করেছিল।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে চলচ্চিত্র নির্মাণ করার ওপর সরকার গুরুত্বের সাথে চিন্তা করছে। চলচ্চিত্র শিল্পকে আগের গৌরবময় অবস্থায় ফিরিয়ে আনতে এফডিসির সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং সরকার এ লক্ষ্যে নিরলস কাজ করছে।
চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী ইথুন বাবু, জাসাসের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হেলাল খান, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, বাংলাদেশ ফিল্ম ক্লাবের সভাপতি সামছুল আলম এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরী।
সভা শুরুর আগে নবনির্বাচিত শিল্পীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করানো হয় শিল্পী সমিতির সভাপতি শিবা শানুর মাধ্যমে। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় শিল্পীদের পক্ষ থেকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন