প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লক্ষ্মীপুর, ২৭ নভেম্বর, ২০২৬ : লক্ষ্মীপুরে প্রায় ৪শ বছরের পুরানো ঐতিহাসিক নিদর্শন দালাল বাজার জমিদার বাড়ি ও খোয়াসাগর দীঘি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে আবির্ভূত হতে পারে।
জেলার মানুষের মধ্যে এ বিষয়ে আগ্রহের অভাব নেই। অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন এখানে হাজারো দর্শনার্থী ভিড় করছেন। খোয়াসাগর দিঘীর পাড়ও নতুন রূপে সজ্জিত হয়েছে।
পর্যটকদের দাবি, পরিকল্পিত সংস্কারের মাধ্যমে দুটি নিদর্শনকে পর্যটকবান্ধব করে গড়ে তোলা উচিত।
অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা বাসসকে জানান, প্রত্নতাত্ত্বিক জাদুঘর ও পর্যটনের জন্য এ স্থানগুলোকে উপযোগী করা হচ্ছে।
তিনি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যেন ভ্রমণ পিপাসুরা নিরাপদে এই সৌন্দর্য উপভোগ করতে পারেন।
লক্ষ্মীপুর শহর থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত জমিদার বাড়িটি স্থানীয়ভাবে দালাল বাজার জমিদার বাড়ি নামে পরিচিত। এই বাড়ির সর্বশেষ জমিদার ছিলেন নবীন কিশোর রায়।
দেশ বিভক্তির পূর্বে ১৯৪৬ সালে জমিদার নবীন কিশোর রায় ৭ একর ৮০ শতক সম্পত্তিতে নির্মিত জমিদার বাড়িটি রেখে ভারতে চলে যান।
১৯৫০ সালে সরকার জমিদার প্রথা বিলুপ্ত করার পর সরকারি হিসেবে এই সম্পত্তি পরিণত হয়। এরপর একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে জমিদার বাড়িটি দখল করে রাখে।
সম্প্রতি, প্রায় ৫০ বছর পর জেলা প্রশাসন অবৈধ দখলদারদের হাত থেকে জমিদার বাড়িটি উদ্ধার করে তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে দিঘীর চেহারা পাল্টে গেছে।
জমিদার বাড়িতে সংস্কার ও উন্নয়নমূলক কাজ করা হয়েছে। কিন্তু কালক্রমে দখল এবং দূষণে এসব স্থাপনার গুরুত্ব হারাতে বসেছে।
দখলদারদের উচ্ছেদ করায় জমিদার বাড়ি ও দিঘীটি প্রাণ ফিরে পেয়েছে। প্রাকৃতিক দৃশ্য এবং দীঘির অপরূপ সৌন্দর্য দেখতে এলাকাজুড়ে মানুষের পদচারণা সব সময় মুখরিত থাকে। পরিবার নিয়ে বেড়াতে আসা পর্যটকরা খুশি।
জমিদার বাড়িতে ঘুরতে আসা দর্শনার্থী মরিয়ম বেগম ও কহিনুর আক্তার বাসসকে বলেন, "ঐতিহ্যবাহী দালাল বাজার জমিদার বাড়ির বিভিন্ন দিক ঘুরে দেখেছি। পরিবার নিয়ে এসেছি। অনেক সুন্দর জায়গা।"
জমিদারের বৈঠকখানা কালের সাক্ষি হয়ে দাঁড়িয়ে আছে। এগুলো দেখে খুবই ভালো লেগেছে।
জমিদার বাড়ি ও খোয়াসাগর দিঘী সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হতে পারে। তারা এটিকে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি জানান।
কুমিল্লা থেকে ঘুরতে আসা দুই বন্ধু ইব্রাহিম হোসেন ও মুরাদ হোসেন জানান, "প্রাচীনকালের এই দালাল বাজার জমিদার বাড়িটি ঐতিহাসিক নিদর্শন।"
প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী ও চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার দর্শনার্থী পরিবার নিয়ে সৌন্দর্য উপভোগ করতে আসেন।
ঈদ বা বিশেষ কোনো দিনে এ স্থানটি এক মহান মিলন মেলায় পরিণত হয়। প্রতিদিন বিকেলে সৌন্দর্য পিপাসু মানুষের ঢল নামে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বনভোজন ছাড়াও সাধারণ মানুষের আনাগোনা থাকে সারা বছর।
স্থানীয় দালাল বাজার ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম বাসসকে বলেন, "সৌন্দর্য বর্ধনের পাশাপাশি পর্যটকদের নিরাপত্তার ব্যবস্থা খুবই জরুরি।"
তিনি আরও জানান, জমিদার বাড়ির অনেক মূল্যবান জিনিসপত্র এক সময়ে চুরি হয়ে গেছে। বাড়িটিতে জুয়াড়িদের আড্ডা হতো, কিন্তু এখন আর সেগুলো নেই।
এসব বিষয়ে প্রশাসন আরও কঠোর হলে পুরানো ঐতিহাসিক নিদর্শন দালাল বাজার জমিদার বাড়ি ও খোয়াসাগর দীঘি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হতে পারে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা বাসসকে বলেন, "খোয়াসাগর দিঘীর পাড়, জমিদার বাড়ি সংস্কার ও উন্নয়নমূলক কাজ করে প্রত্নতাত্ত্বিক জাদুঘর ও পর্যটনের জন্য উপযোগী করা হচ্ছে।"
তিনি আরও জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে যেন ভ্রমণ পিপাসুরা নিরাপদে এ সৌন্দর্য উপভোগ করতে পারেন। এছাড়া জমিদার বাড়িটি সংরক্ষণের জন্য ইতোমধ্যে প্রত্নতাত্ত্বিক জাদুঘর হস্তান্তর করা হয়েছে। সেই অনুযায়ী কাজ করছে প্রশাসন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন