প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবাসের অমানবিক ও অমর্যাদাকর পরিস্থিতি অবসানে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক এক বিশেষজ্ঞ। তিনি সতর্ক করে বলেছেন, ইমরান খানের প্রতি বর্তমান আচরণ নির্যাতন বা অন্যান্য নিষ্ঠুর ও অবমাননাকর আচরণের পর্যায়ে পড়তে পারে।
জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)-এর এক বিবৃতি অনুযায়ী, নির্যাতনবিরোধী জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার অ্যালিস জিল এডওয়ার্ডস ৭২ বছর বয়সী এই সাবেক নেতার আটকাবস্থা আন্তর্জাতিক আইনি মানদণ্ডের সঙ্গে সংগতিপূর্ণ কি না, তা নিশ্চিত করতে ইসলামাবাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ওএইচসিএইচআর-এর বিবৃতিতে এডওয়ার্ডস বলেন, “আমি পাকিস্তানি কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি, যেন খানের আটকাবস্থার পরিবেশ আন্তর্জাতিক রীতিনীতি ও মানদণ্ডের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ হয়।”
২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তরের পর থেকে ইমরান খানের প্রতি আচরণের প্রসঙ্গ তুলে ধরে তিনি জানান, ইমরান খানকে দীর্ঘ সময় নির্জন কারাবাসে রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তাকে দিনে ২৩ ঘণ্টা সেলের ভেতরে তালাবদ্ধ অবস্থায় রাখা হয় এবং বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ অত্যন্ত সীমিত।
বিশেষ র্যাপোর্টিয়ার বলেন, “২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তরের পর থেকে ইমরান খানকে অতিরিক্ত দীর্ঘ সময় নির্জন কারাবাসে রাখা হয়েছে বলে জানা গেছে; দিনে ২৩ ঘণ্টা সেলের ভেতরে আটক রাখা হয় এবং বাইরের বিশ্বের সঙ্গে তার যোগাযোগ অত্যন্ত সীমিত।” তিনি আরও উল্লেখ করেন, ইমরান খানের সেল সার্বক্ষণিক ক্যামেরা নজরদারির মধ্যে রয়েছে বলে তথ্য পাওয়া গেছে।
আন্তর্জাতিক মানবাধিকার আইনে দীর্ঘমেয়াদি বা অনির্দিষ্টকালের নির্জন কারাবাস নিষিদ্ধ—এ কথা স্মরণ করিয়ে দিয়ে এডওয়ার্ডস বলেন, ১৫ দিনের বেশি সময় বিচ্ছিন্ন রাখা মানসিক নির্যাতনের শামিল। তিনি বলেন, “খানের নির্জন কারাবাস বিলম্ব না করে প্রত্যাহার করা উচিত। এটি শুধু একটি বেআইনি পদক্ষেপই নয়, দীর্ঘ সময় বিচ্ছিন্ন রাখলে তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর অত্যন্ত ক্ষতিকর প্রভাব পড়তে পারে।”
জাতিসংঘ বিশেষজ্ঞের প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইমরান খানকে বাইরে শরীরচর্চা করতে দেওয়া হচ্ছে না, অন্য বন্দীদের সঙ্গে মিশতে দেওয়া হচ্ছে না এবং সমবেত নামাজে অংশ নেওয়া থেকেও বিরত রাখা হয়েছে। এ ছাড়া আত্মীয়স্বজন, আইনজীবী ও অন্যান্য দর্শনার্থীদের সঙ্গে আদালতের অনুমতিপ্রাপ্ত সাক্ষাৎও প্রায়ই সংক্ষিপ্ত বা ব্যাহত করা হচ্ছে।
ওএইচসিএইচআর-এর বিবৃতিতে ইমরান খানের ছোট সেলের ভৌত অবস্থারও বিস্তারিত তুলে ধরা হয়। সেখানে পর্যাপ্ত বায়ু চলাচল ও প্রাকৃতিক আলোর অভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে। চরম ঋতুভিত্তিক তাপমাত্রা ও দুর্বল বায়ুপ্রবাহের কারণে দুর্গন্ধ এবং পোকামাকড়ের উপদ্রব দেখা দিয়েছে বলে জানা গেছে, যার ফলে ইমরান খান বমি বমি ভাব, বমি এবং উল্লেখযোগ্য হারে ওজন কমে যাওয়ার মতো সমস্যার সম্মুখীন হয়েছেন বলে তথ্য মিলেছে।
এডওয়ার্ডস বলেন, “যাকেই স্বাধীনতা থেকে বঞ্চিত করা হোক না কেন, তার প্রতি মানবিক ও মর্যাদাপূর্ণ আচরণ করতে হবে। আটকাবস্থার পরিবেশ সংশ্লিষ্ট ব্যক্তির বয়স ও স্বাস্থ্যগত অবস্থার প্রতিফলন ঘটাতে হবে—যার মধ্যে উপযুক্ত ঘুমানোর ব্যবস্থা, আবহাওয়াগত সুরক্ষা, পর্যাপ্ত জায়গা, আলো, তাপমাত্রা নিয়ন্ত্রণ ও বায়ু চলাচলের ব্যবস্থা থাকা প্রয়োজন।”
২০১৩ সালের দুর্ঘটনায় মেরুদণ্ডে গুরুতর আঘাত এবং ২০২২ সালের হত্যাচেষ্টার ঘটনায় গুলির ক্ষতসহ ইমরান খানের বড় ধরনের স্বাস্থ্যগত সমস্যার কথা উল্লেখ করে তার চিকিৎসাসেবা পাওয়ার বিষয়ে উদ্বেগ জানান এডওয়ার্ডস। তিনি বলেন, “খানকে পর্যাপ্ত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করা হচ্ছে বলে জানা গেছে। আমি কর্তৃপক্ষকে আহ্বান জানাই, যেন তার ব্যক্তিগত চিকিৎসকদের সাক্ষাতের অনুমতি দেওয়া হয়।”
ওএইচসিএইচআর জানিয়েছে, ইমরান খানের প্রতি আচরণ নিয়ে বিশেষ র্যাপোর্টিয়ার আনুষ্ঠানিকভাবে পাকিস্তান সরকারের কাছে উদ্বেগ জানিয়েছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখবেন। এর আগে গত শুক্রবার জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টুর্কও ইমরান খানের অবনতিশীল স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে তার অবিলম্বে মুক্তির আহ্বান জানান। সিএনএন-এ ক্রিশ্চিয়ান আমানপুরকে দেওয়া এক সাক্ষাৎকারে টুর্ক বলেন, “আমি ইমরান খানের মুক্তি চাই। আমি তার যথাযথ চিকিৎসা চাই এবং প্রকৃতপক্ষে উত্তেজনা প্রশমনের আহ্বান জানাই। এই মামলাকে ঘিরে যে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে, তা প্রশমিত করা প্রয়োজন; যার অর্থ বিরোধী দল ও সরকারের মধ্যে আস্থা তৈরির একটি পদক্ষেপ হিসেবে তার তাৎক্ষণিক মুক্তি হতে পারে।”
এদিকে গত ১৬ নভেম্বর আদিয়ালা কারাগার থেকে দেশের শীর্ষ বিচারপতিদের উদ্দেশে একটি জরুরি খোলা চিঠি পাঠান ইমরান খান। তাতে তিনি জরুরি চিকিৎসাসেবা এবং বাস্তবায়ন না হওয়া আদালতের আদেশ কার্যকর করার আকুতি জানান। চিঠিতে তিনি দাবি করেন, তিনি সম্ভাব্য প্রাণঘাতী চিকিৎসাগত জরুরি অবস্থার মুখোমুখি এবং তার স্ত্রী কারাগারে স্থায়ী অন্ধত্বের ঝুঁকিতে রয়েছেন। তোশাখানা (বুলগারি) মামলায় রায় ঘোষণার দিন অর্থাৎ ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে কারা কর্তৃপক্ষ তাকে “দিনে ২২ ঘণ্টা পর্যন্ত নির্যাতনমূলক নির্জন কারাবাসে” রেখেছে এবং পরিবার, ছেলেদের সঙ্গে ফোনালাপ, পড়ার সামগ্রী ও আইনি পরামর্শ থেকে বিচ্ছিন্ন করেছে বলেও অভিযোগ করেন এই সাবেক প্রধানমন্ত্রী। সূত্র: এএনআই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন