প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১২ আগস্ট ২০২৬ : দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি আগামীকাল (বৃহস্পতিবার) ডারউইনের মারারা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি কঠিন লড়াই করার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ।
বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।
২৩ বছরের বিরতির পর বাংলাদেশ আবার অস্ট্রেলিয়া সফরে এসেছে দীর্ঘতম ফরম্যাটে। ডারউইনে এর আগে মাত্র দুটি টেস্ট অনুষ্ঠিত হয়েছিল, ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ এবং ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা এই মাঠে টেস্ট খেলেছে।
২২ বছর পর আবারও ডারউইনে টেস্ট ফিরে আসছে। বাংলাদেশ কঠিন কন্ডিশনে পূর্ণশক্তির অস্ট্রেলিয়া দলের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে।
সাধারণত সফরকারী দলগুলোর জন্য, বিশেষ করে উপমহাদেশের দলগুলোর জন্য, অস্ট্রেলিয়া অন্যতম কঠিন প্রতিপক্ষ। এশিয়ার দলগুলোর মধ্যে একমাত্র ভারতই অস্ট্রেলিয়ার মাটিতে দুবার টেস্ট সিরিজ জিতেছে।
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ম্যাচটি কতদিন চলবে তা নিয়ে চিন্তা না করে পুরো ম্যাচজুড়ে মানসম্পন্ন ক্রিকেট খেলাই হবে দলের লক্ষ্য।
শান্ত জানান, “খেলোয়াড় হিসেবে আমরা পাঁচ দিন ভালো ক্রিকেট খেলতে চাই। আমরা প্রতিটি সেশন ধরে খেলতে চাই, যেটা আমরা সবসময় বলে থাকি।”
“প্রতিটি সেশনই গুরুত্বপূর্ণ। ম্যাচ চার দিন, পাঁচ দিন নাকি তিন দিন চলবে, এ ধরনের আলোচনা থাকবেই। কিন্তু খেলোয়াড় হিসেবে আমরা সবসময় দেখব কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি।”
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত ছয়টি টেস্ট খেলেছে। মাত্র একটি ম্যাচে জয়ী হয়েছে, যা ২০১৭ সালে মিরপুরে ২০ রানের স্মরণীয় জয় ছিল। বাকি পাঁচ ম্যাচেই বাংলাদেশ পরাজিত হয়েছে। এর মধ্যে ২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরের দুটি টেস্টে টাইগাররা পরাজয় বরণ করেছে। ওই দুই ম্যাচসহ মোট তিনটি পরাজয় ছিল ইনিংস ব্যবধানে।
তবে বাংলাদেশ সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাফল্য থেকে আত্মবিশ্বাস পেতে পারে। ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তারা অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে পরাজিত করেছিল।
কান্ত বলেন, “অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে জয়টি অসাধারণ ছিল। ফরম্যাট ও কন্ডিশন ভিন্ন হলেও ওই জয় অবশ্যই আমাদের অনুপ্রাণিত করবে।”
বাংলাদেশ অধিনায়ক মনে করেন ২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরকারী দলের তুলনায় বর্তমান দল অনেক বেশি শক্তিশালী ও অভিজ্ঞ।
তিনি বলেন, “এরপর অনেক কিছুই বদলে গেছে। আমরা অনেক দূর এগিয়েছি। এই মুহূর্তে আমরা আত্মবিশ্বাসী একটি দল। আশা করছি, খেলোয়াড়রা নিজেদের পারফরম্যান্স আরও উঁচুতে নিয়ে গিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন লড়াই করবে।”
চোট কাটিয়ে উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস প্রথম টেস্টে খেলতে পারবেন বলেও আশা করছেন শান্ত।
এদিকে, অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স আজ তাদের একাদশ ঘোষণা করেছেন। দলে জায়গা পেয়েছেন ক্যামেরন গ্রিন ও বিউ ওয়েবস্টার।
মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডকে সঙ্গে নিয়ে শক্তিশালী পেস আক্রমণের নেতৃত্ব দেবেন কামিন্স। দলের সদস্য হিসেবে রয়েছেন অভিজ্ঞ স্পিনার ন্যাথান লিঁও।
বাংলাদেশ দলের সদস্যরা হলেন: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মোমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুশফিক হাসান, লিটন দাস।
অস্ট্রেলিয়া দলের সদস্যরা হলেন: জেক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বিউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), ন্যাথান লিঁও, জশ হ্যাজেলউড।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন