প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চব্বিশের গণ-অভ্যুত্থানের ফলে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘মৃত্যুদণ্ডের’ রায়ের এক বছর পূর্ণ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় প্রদান করেছিল। গত বছর ১৭ নভেম্বর দেওয়া রায়টি পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম রায় হিসেবে চিহ্নিত হয়। এর মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক কোনো সরকারপ্রধানকে সাজা দেওয়ার নজির সৃষ্টি হয়।
সেদিন একই অপরাধের দায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয় ট্রাইব্যুনালের পক্ষ থেকে। জুলাই আন্দোলনের শহীদ পরিবার এবং গুরুতর আহত আন্দোলনকারীদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও রায়ে অন্তর্ভুক্ত ছিল। মামলার আরেক আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
মামলার আদ্যোপান্ত : ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর ২০২৪ সালের ১৪ আগস্ট শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দাখিল করা হয়। এই অভিযোগের তদন্ত শুরু হয় ২০২৪ সালের ১৪ অক্টোবর। পরে গত বছর ১২ মে মামলার তদন্ত প্রতিবেদন দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
গত বছর ১ জুন প্রসিকিউশন ‘আনুষ্ঠানিক অভিযোগ’ দাখিল করলে তা আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে ১০ জুলাই মামলার ‘আনুষ্ঠানিক অভিযোগ’ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। ৩ আগস্ট প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে বিচারকাজ শুরু হয়। মামলার তদন্ত কর্মকর্তাসহ ২৮ কার্যদিবসে ৫৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন ট্রাইব্যুনাল। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পর ১৭ নভেম্বর রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। চলতি বছর ১৩ জানুয়ারি ৪৫৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
রায়ের বিরুদ্ধে আপিল শুনানির অপেক্ষায় : মামলার দুটি অভিযোগের মধ্যে প্রথম অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড এবং দ্বিতীয় অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রথম অভিযোগে দেওয়া আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ড চেয়ে গত বছর ১৫ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করে চিফ প্রসিকিউটর কার্যালয়। আপিল শুনানির বিষয়ে জানতে চাইলে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম কালের কণ্ঠকে বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২১ (৪) ধারা অনুসারে আপিল দায়েরের ৬০ দিনের মধ্যে তা নিষ্পত্তির বিধান রয়েছে। আমি মনে করি, আইনের এই বিধান মানা উচিত। প্রসিকিউশনের আপিলটি আপিল বিভাগের কার্যতালিকায় এলেও শুনানি হচ্ছে না।’
শেখ হাসিনার বিরুদ্ধে বিচারাধীন ৬ মামলা, তদন্তে আরো দুটি : সাবেক সরকারপ্রধান শেখ হাসিনার বিরুদ্ধে আরো ছয়টি মামলার বিচার চলছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর কার্যালয়। এর মধ্যে আওয়ামী লীগের শাসনামলে র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেল এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুম, আটক, নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুটি মামলা রয়েছে। মামলাগুলোর সাক্ষ্যগ্রহণ চলছে। এ ছাড়া বিচারাধীন মামলার মধ্যে আছে এক যুগ আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের অভিযোগের মামলাটিও। এই মামলার ‘আনুষ্ঠানিক অভিযোগ’ গঠনের শুনানি চলছে।
২০১৬ সালের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরে কথিত জঙ্গি আস্তানা ‘জাহাজ বাড়িতে’ অভিযান চালিয়ে ৯ জনকে হত্যা, ২০১৬ সালের ৮ অক্টোবর গাজীপুরের জয়দেবপুরে জঙ্গি আস্তানায় অভিযানে সাতজনকে হত্যা এবং ২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফে সাবেক পৌর কাউন্সিলর একরামুল হককে কথিত বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগে বিচারাধীন তিন মামলায়ও শেখ হাসিনা প্রধান আসামি।
চব্বিশের গণ-আন্দোলনে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক এই সরকারপ্রধানের বিরুদ্ধে আরো দুটি মামলার তদন্ত চলছে বলে জানিয়েছেন প্রসিকিউশন।
সম্পদ বাজেয়াপ্তে সরকারকে প্রসিকিউশনের চিঠি : এক বছর আগে মৃত্যুদণ্ডের পাশাপাশি সম্পদ বাজেয়াপ্তের রায় হলেও শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পদ বাজেয়াপ্তের আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সম্প্রতি সরকারকে চিঠি দেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। গত ৩ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর এই চিঠি দেওয়া হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন