প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রক সংগীতের ইতিহাসে জর্জ হ্যারিসনের নাম ‘দ্য বিটলস’-এর লিড গিটারিস্ট হিসেবে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। তবে বাংলাদেশের মানুষের কাছে তিনি একজন অনন্য সংগীতযোদ্ধা এবং অকৃত্রিম বন্ধু। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে এই কিংবদন্তি শিল্পী গানের সুর ও কথার মাধ্যমে বিশ্ববাসীর বিবেককে নাড়া দিয়েছিলেন। আজ রোববার (২৯ নভেম্বর) প্রয়াত এই সংগীতজ্ঞের ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।
১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর নির্মম গণহত্যার চিত্র বিশ্বদরবারে তুলে ধরার জন্য সংগীতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন হ্যারিসন। শরণার্থীদের পাশে দাঁড়াতে সেতারের জাদুকর পণ্ডিত রবিশঙ্করের আহ্বানে সাড়া দিয়ে তিনি এগিয়ে আসেন। সেই মানবিক তাড়না থেকেই সংগীত ইতিহাসের অন্যতম মাইলফলক ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এর সৃষ্টি হয়।
সেই বছরের ১ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে দুটি পরিবেশনার মাধ্যমে প্রায় ৪০ হাজার দর্শকের সামনে বসেছিল তারার মেলা। হ্যারিসন ও পণ্ডিত রবিশঙ্করের পাশাপাশি মঞ্চে উপস্থিত ছিলেন বব ডিলান, এরিক ক্ল্যাপটন, রিঙ্গো স্টার, বিলি প্রেস্টন, লিওন রাসেল এবং ওস্তাদ আলী আকবর খানসহ বিশ্বসেরা সংগীতশিল্পীরা।
সংগীতের এই মহাযজ্ঞ থেকে সংগৃহীত অর্থ ইউনিসেফের মাধ্যমে বাংলাদেশের শরণার্থীদের সহায়তায় ব্যয় করা হয়।
এই আয়োজনকে স্মরণীয় করে রাখতে হ্যারিসন নিজেই লেখেন ও সুর করেন ‘বাংলাদেশ’ গানটি। গানের প্রতিটি পঙ্ক্তিতে ফুটে ওঠে বাংলাদেশের মানুষের অসহায়ত্ব, যন্ত্রণা এবং মুক্তির তীব্র আকুতি। সেই সুর ও আয়োজন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুক্তিসংগ্রামের পক্ষে জনমত গঠনে বিশাল ভূমিকা পালন করেছিল।
১৯৪৩ সালের ২৫ ফেব্রুয়ারি ইংল্যান্ডের লিভারপুলে জন্মগ্রহণ করা জর্জ হ্যারিসন ২০০১ সালের ২৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ৫৮ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান।
বাংলাদেশ সরকার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এই ব্রিটিশ কিংবদন্তির অবদানের স্বীকৃতি হিসেবে তাকে মরণোত্তর ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান করে। ২৫তম প্রয়াণ দিবসে সংগীতের এই কিংবদন্তিকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে বাংলাদেশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন